চট্টগ্রাম ব্যুরো : যুক্তরাষ্ট্র থেকে ৫৮ হাজার ৩৫৯ মেট্রিক টন গম নিয়ে এমভি ডব্লিউএফ আর্টেমিস জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। যুক্তরাষ্ট্র ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আলোকে নগদ ক্রয় চুক্তি নম্বর জি টু জি-০২-এর আওতায় গম বহনকারী এমভি ডব্লিউএফ আর্টেমিস জাহাজটি বন্দরে এসেছে। গতকাল শনিবার খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার-টু-সরকার (জি-টু-জি) ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানির কার্যক্রম চলমান রয়েছে। জি-টু-জি-০২ চুক্তির আওতায় মোট ২ লাখ ২০ হাজার মেট্রিক টন গম আমদানি করা হবে। এর অংশ হিসেবে তৃতীয় চালান হিসেবে ৫৮ হাজার ৩৫৯ মেট্রিক টন গম নিয়ে এমভি ডব্লিউএফ আর্টেমিস বর্তমানে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অবস্থান করছে।
জাহাজে রক্ষিত গমের নমুনা পরীক্ষার কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। গমের নমুনা পরীক্ষা শেষে দ্রুত গম খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এর আগে প্রথম ও দ্বিতীয় চালানে মোট ১ লাখ ১৪ হাজার ৯৩ মেট্রিক টন গম দেশে এসেছে। এছাড়া সরকার-টু-সরকার-০১ চুক্তির আওতায় ইতোমধ্যে মোট ২ লাখ ২০ হাজার মেট্রিক টন গম আমদানি সম্পন্ন হয়েছে।
