নিজস্ব প্রতিবেদক : প্রতি বছরের মতো এবার রিয়েল এস্টেট খাতের সবচেয়ে বড় আয়োজন আবাসন মেলা শুরু হচ্ছে আগামী বুধবার। চার দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হবে রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। মেলা চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত। মেলার আয়োজন করছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)।
আজ সোমবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে মেলার বিস্তারিত তথ্য তুলে ধরেন রিহ্যাব সভাপতি মো. ওয়াহিদুজ্জামান।
সংবাদ সম্মেলনে রিহ্যাব জানায়, আগামী বুধবার সকাল ১১টায় মেলার উদ্বোধনী অধিবেশন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোছা. ফেরদৌসী বেগম। উদ্বোধনী দিনের পর থেকে দর্শনার্থীরা মেলায় প্রবেশ করতে পারবেন। পরবর্তী দিনগুলোতে সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে। মেলায় থাকছে মোট ২২০টি স্টল।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রিহ্যাব সভাপতি বলেন, ড্যাপের কারণে দীর্ঘসময় ধরে আবাসন খাতে স্থবিরতা ছিল। পুরোনো ড্যাপের জটিলতার কারণে অনেকেই প্রকল্প স্থগিত রেখেছিল। সেসব কাজে গতি ফেরাতে এবারের রিহ্যাব ফেয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে সম্প্রতি দীর্ঘ প্রতীক্ষিত ড্যাপ এবং ঢাকা মহানগর ইমারত বিধিমালার গেজেট প্রকাশের পর আবাসন খাতে নতুন আস্থা তৈরি হয়েছে।
তিনি বলেন, নতুন ড্যাপ ও বিধিমালায় আগের জটিলতা ও বৈষম্য অনেকাংশে দূর হওয়ায় ডেভেলপার ও ক্রেতাদের মধ্যে ইতিবাচক প্রত্যাশা তৈরি হয়েছে।
ওয়াহিদুজ্জামান বলেন, আবাসন খাত শুধু বাসস্থান তৈরি করছে না, বরং অর্থনীতিতেও বড় অবদান রাখছে। নির্মাণ খাতের মাধ্যমে সরকারের রাজস্ব আয় বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং রড, সিমেন্টসহ দুই শতাধিক সংযোগ শিল্পের বিকাশ হচ্ছে। দেশের মোট অর্থনৈতিক প্রবৃদ্ধিতে নির্মাণ খাতের অবদান প্রায় ১৫ শতাংশ। এ খাতে জড়িত রয়েছে প্রায় ৫০ লাখ মানুষের জীবিকা।
তিনি বলেন, মেলায় দর্শনার্থীদের জন্য সিঙ্গেল এন্ট্রি ও মাল্টিপল এন্ট্রি– এই দুই ধরনের টিকিটের ব্যবস্থা থাকছে। টিকিট বিক্রির অর্থ সম্পূর্ণভাবে দুস্থদের জন্য কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি কার্যক্রমে ব্যয় করা হবে। প্রতিদিন র্যাফেল ড্রয়ের মাধ্যমে থাকছে আকর্ষণীয় পুরস্কার।
এবারের রিহ্যাব ফেয়ারে চারটি ডায়মন্ড স্পন্সর, সাতটি গোল্ড স্পন্সর, ১০টি কো-স্পন্সর, ১৪টি বিল্ডিং ম্যাটেরিয়ালস প্রতিষ্ঠান এবং ১২টি অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। ডায়মন্ড স্পন্সর হিসেবে রয়েছে এশিয়ান টাউন ডেভেলপমেন্ট লিমিটেড, ইস্টার্ন হাউজিং লিমিটেড, শেলটেক লিমিটেড ও ট্রপিক্যাল হোমস লিমিটেড।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, রিহ্যাবের সিনিয়র সহসভাপতি লিয়াকত আলী ভূইয়া, সহসভাপতি লায়ন এম এ আউয়াল, সহসভাপতি (অর্থ) আব্দুর বিশ্বাস, মেলা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আক্তার বিশ্বাস, কো-চেয়ারম্যান সুরুজ সরদার, পরিচালক শেখ কামাল প্রমুখ।
