Print Date & Time : 15 April 2026 Wednesday 5:45 am

রেকর্ড দামের পর সোনার বাজারে বড় ধস: ভরিতে কমলো ১৪,৬৩৮ টাকা

নিজস্ব প্রতিবেদক: রেকর্ড উচ্চতায় পৌঁছানোর পর দেশের বাজারে এক লাফে কমলো সোনার দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ১৪ হাজার ৬৩৮ টাকা কমানো হয়েছে। এতে নতুন করে এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৭১ হাজার ৩৬৩ টাকা।

স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমার প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ১০টা ৪৫ মিনিট থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

শুক্রবার বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে সোনার দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গতকাল বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সবচেয়ে ভালো মানের এক ভরি সোনার দাম ১৬ হাজার ২১৩ টাকা বাড়ানো হয়েছিল। এতে অতীতের সব রেকর্ড ভেঙে এক ভরি সোনার দাম দাঁড়ায় ২ লাখ ৮৬ হাজার ১ টাকা। সেই রেকর্ড দামের এক দিনের মাথায় এবার বড় অঙ্কে দাম কমানো হলো।

নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১৪ হাজার ৬৩৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৭১ হাজার ৩৬৩ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ১৩ হাজার ৯৯৯ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৮ হাজার ৯৯৯ টাকা।

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ১১ হাজার ৯৫৬ টাকা কমিয়ে ২ লাখ ২২ হাজার ২৪ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১০ হাজার ২০৬ টাকা কমিয়ে নতুন দর নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮২ হাজার ৮৩৩ টাকা।

উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল ১০টা ১৫ মিনিট থেকে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে ২ লাখ ৮৬ হাজার ১ টাকা নির্ধারণ করা হয়েছিল। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ছিল ২ লাখ ৭২ হাজার ৯৯৬ টাকা, ১৮ ক্যারেটের ২ লাখ ৩৩ হাজার ৯৮০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা বিক্রি হয়েছে ১ লাখ ৯৩ হাজার ৩৯ টাকায়। শুক্রবার সকাল ১০টা ৪৪ মিনিট পর্যন্ত এসব দামে সোনা বিক্রি হয়েছে।

সোনার পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৮১৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৭ হাজার ৭৫৭ টাকা। ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ৭৫৮ টাকা কমিয়ে ৭ হাজার ৪০৭ টাকা এবং ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ৬৪১ টাকা কমিয়ে ৬ হাজার ৩৫৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ৪৬৭ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৭৮২ টাকা।