নিজস্ব প্রতিবেদক: দেশের আর্থিক বাজারের স্বচ্ছতা ও গতিশীলতা নিশ্চিত করতে বড় ধরনের সংস্কারে হাত দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে আর কেবল ব্যাংকগুলোর দেওয়া তথ্যের (ঢাকা ইন্টারব্যাংক অফার রেট বা ডিবোর) ওপর নির্ভর না করে, বরং প্রকৃত লেনদেনের ভিত্তিতে নির্ধারিত হবে মানি মার্কেটের সুদের হার। বৈশ্বিক মানদণ্ড ‘সিকিউরড ওভারনাইট ফাইন্যান্সিং রেট’-এর (সোফর) আদলে দেশে চালু হচ্ছে নতুন এই লেনদেনভিত্তিক রেফারেন্স রেট।
গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। আগামী ১৫ এপ্রিল থেকে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে নিয়মিতভাবে এই রেফারেন্স রেট প্রকাশ করা হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০১০ সাল থেকে দেশে ‘ঢাকা ইন্টারব্যাংক অফার রেট’ বা ডিবোর চালু ছিল। তবে এটি ব্যাংকগুলোর প্রস্তাবিত সুদের হারের ওপর ভিত্তি করে নির্ধারিত হতো। ফলে অনেক ব্যাংক নিয়মিত তথ্য না দেওয়ায় বাজারের প্রকৃত চিত্র প্রতিফলিত হতো না। এই সীমাবদ্ধতা কাটাতে বাংলাদেশ ব্যাংক তাদের স্বয়ংক্রিয় ব্যবস্থার মাধ্যমে সরাসরি লেনদেনের তথ্য সংগ্রহ করে নতুন দুটি বেঞ্চমার্ক রেট চালু করেছে।
এর মধ্যে প্রথমটি ‘বাংলাদেশ ওভারনাইট ফাইন্যান্সিং রেট’ (বিওএফআর), যা একটি সুরক্ষিত বা জামানতভিত্তিক রেট। আন্তঃব্যাংক রেপো লেনদেনের ভিত্তিতে এটি নির্ধারিত হবে। দ্বিতীয়টি ‘ঢাকা ওভারনাইট মানি মার্কেট রেট’ (ডিওএমএমআর), যা জামানতবিহীন কলমানি লেনদেনের ওপর ভিত্তি করে নির্ধারিত হবে।
বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট জানায়, এই রেটগুলো কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ইচ্ছামতো নির্ধারিত হবে না। বরং লেনদেনের পরিমাণভিত্তিক গড় বা ভলিউম-ওয়েটেড মিন পদ্ধতিতে নির্ধারিত হবে।
বিওএফআরের ক্ষেত্রে ওভারনাইট ও এক সপ্তাহ মেয়াদি রেট প্রকাশ করা হবে। অন্যদিকে ডিওএমএমআরের ক্ষেত্রে ওভারনাইট, এক সপ্তাহ, এক মাস এবং তিন মাস মেয়াদি রেট পাওয়া যাবে।
অস্বাভাবিক লেনদেনের প্রভাব ঠেকাতে বিশেষ পরিসংখ্যানভিত্তিক পদ্ধতি বা আউটলায়ার ম্যানেজমেন্ট ব্যবহার করা হবে। আর কোনো দিনে পর্যাপ্ত লেনদেন না
হলে ‘রোলিং উইন্ডো’ পদ্ধতিতে আগের কার্যদিবসগুলোর তথ্য যুক্ত করে রেট নির্ধারণ করা হবে।
বাংলাদেশ ব্যাংক আশা করছে, এই উদ্যোগের ফলে দেশের আর্থিক বাজারে সুদের হারের একটি নির্ভরযোগ্য মানদণ্ড তৈরি হবে। এতে ঋণচুক্তি, বন্ড এবং ফ্লোটিং রেটভিত্তিক পণ্যের মূল্য নির্ধারণ সহজ হবে। পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠানগুলো নতুন বিনিয়োগ পণ্য চালু করতে পারবে এবং আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য থাকায় বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বাড়বে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, চলতি মার্চ মাস থেকে পরীক্ষামূলকভাবে এই রেট প্রস্তুত করা হচ্ছে। আগামী ১৫ এপ্রিল ২০২৬ থেকে প্রতিদিন সকালে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে সাধারণ বিনিয়োগকারী ও জনগণ এই রেফারেন্স রেট দেখতে পারবেন। নিয়মিত পর্যবেক্ষণ ও বার্ষিক পর্যালোচনার মাধ্যমে এই পদ্ধতিকে আরও আধুনিক করার কথাও জানিয়েছে কেন্দ ীয় ব্যাংক।

Print Date & Time : 1 May 2026 Friday 2:53 am