Print Date & Time : 29 April 2026 Wednesday 6:50 pm

সংসদ সদস্য ও মন্ত্রিসভার শপথ কাল

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রিসভার শপথের সময় নির্ধারিত হয়েছে। আগামীকাল সোমবার সকালে সংসদ ভবনে সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। সংসদ সদস্যদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম নাসির উদ্দিন। এদিন বিকালে নতুন মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠিত হবে বঙ্গভবনে। তাদের প্রধানমন্ত্রীসহ মন্ত্রীদের শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। গতকাল শনিবার সন্ধ্যায় বঙ্গভবন সূত্রে এ তথ্য জানা গেছে। গত বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পায় জাতীয়তাবাদী দল বিএনপি। দলটি তাদের জোট সঙ্গীদেরসহ ২১২টি আসনে জয়লাভ করেছে। অন্যদিকে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট ৭৭টি আসনে জয় পেয়েছে। স্বতন্ত্র সংসদ সদস্য হয়েছেন সাতজন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান হচ্ছেন পরবর্তী প্রধানমন্ত্রী। সোমবার তার নেতৃত্বে যাত্রা শুরু করবে নতুন সরকার। প্রায় ২০ বছর পর আবার ক্ষমতায় ফিরছে বিএনপি।

গত শুক্রবার রাতে নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)।

কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, বেসরকারি ফলাফল যাচাই-বাছাই শেষে নির্বাচিত সংসদ সদস্যদের নাম ও পরিচয় সংবলিত অফিসিয়াল গেজেট প্রকাশ। গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।

তিনি জানান, গেজেট প্রকাশ হওয়ায় দ্রুতই নবনির্বাচিতদের শপথ পড়ানোর উদ্যোগ নেবে সরকার। সামনে রোজা থাকায় দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।