Print Date & Time : 21 April 2026 Tuesday 8:31 am

সামগ্রিক অর্থনীতির ওপর নতুন চাপ

জ্বালানি তেল ও এলপিজির ধারাবাহিক মূল্যবৃদ্ধি দেশের সামগ্রিক অর্থনীতির ওপর নতুন চাপ সৃষ্টি করেছে। এক মাসের ব্যবধানে এলপিজির দাম দুই দফায় বৃদ্ধি পেয়ে ১২ কেজি সিলিন্ডারের মূল্য ১,৯৪০ টাকায় পৌঁছানো শুধু গৃহস্থালির ব্যয়ই বাড়ায়নি, বরং শিল্প, কৃষি ও পরিবহন খাতেও এর বহুমাত্রিক প্রভাব পড়ার আশঙ্কা তৈরি করেছে। এর সঙ্গে জ্বালানি তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত যুক্ত হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
সরকারের যুক্তি হলো, আন্তর্জাতিক বাজারে অস্থিতিশীলতা এবং আমদানি ব্যয় বৃদ্ধি পাওয়ায় এই মূল্য সমন্বয় অনিবার্য ছিল। বাস্তবতাও আংশিকভাবে সেটিই নির্দেশ করেÑবিশ্ববাজারে জ্বালানির দাম ওঠানামা করে, আর আমদানিনির্ভর দেশ হিসেবে বাংলাদেশ সেই প্রভাব এড়াতে পারে না। তবে প্রশ্ন হলো, এই সমন্বয় কতটা সময়োপযোগী এবং কতটা স্বচ্ছ প্রক্রিয়ায় বাস্তবায়িত হচ্ছে।
বিশেষজ্ঞদের একাংশের মতে, আন্তর্জাতিক বাজারে তেলের দাম নিম্নমুখী থাকা সত্ত্বেও দেশে দাম বাড়ানো হয়েছে, যা মূল্যস্ফীতিকে আরও উসকে দিতে পারে। ইতোমধ্যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ চাপে রয়েছে; তার ওপর জ্বালানি ব্যয় বাড়লে উৎপাদন খরচ বৃদ্ধি পাবে এবং এর সরাসরি প্রভাব পড়বে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে। ফলে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির জীবনযাত্রা আরও কঠিন হয়ে উঠবে।
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলোÑনির্ধারিত দামে বাজারে এলপিজি না পাওয়া। নিয়ন্ত্রক সংস্থা মূল্য নির্ধারণ করলেও তা কার্যকরভাবে বাস্তবায়ন করতে ব্যর্থ হলে বাজারে অরাজকতা তৈরি হয়। এতে ভোক্তারা প্রতিনিয়ত অতিরিক্ত মূল্য দিতে বাধ্য হন, যা নিয়ন্ত্রণহীন তারই প্রতিফলন। এ ক্ষেত্রে বাজার তদারকি জোরদার করা এবং অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ জরুরি। জ্বালানি খাতের এই পরিস্থিতি দীর্ঘমেয়াদে অর্থনীতির জন্য সতর্কবার্তা বহন করছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বাজার ব্যবস্থাপনা শক্তিশালী করা এবং বিকল্প জ্বালানি উৎসের দিকে নজর দেওয়া এখন সময়ের দাবি। শুধু মূল্য বৃদ্ধি নয়, কার্যকর নীতি ও সুশাসনের মাধ্যমেই এই সংকট মোকাবিলা সম্ভব। অন্যথায়, জ্বালানি খাতের এই চাপ সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতাকে আরও ঝুঁকির মুখে ফেলতে পারে।
এছাড়া, সামাজিক সুরক্ষা কর্মসূচি আরও বিস্তৃত করা প্রয়োজন, যাতে নিম্নআয়ের মানুষ সরাসরি সহায়তা পায়। একইসঙ্গে জ্বালানি খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা গেলে বাজারে আস্থা ফিরবে। নীতি নির্ধারণে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত গ্রহণই বর্তমান পরিস্থিতি মোকাবিলার প্রধান উপায় হতে পারে।