Print Date & Time : 25 April 2026 Saturday 3:04 am

সার্কের কার্যক্রম পুনরুজ্জীবন চায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: মালদ্বীপের রাজধানী মালেতে দারিদ্র্য বিমোচন-বিষয়ক বৈঠকে সার্কের কার্যক্রম ফের শুরুর ওপর জোর দিয়েছে বাংলাদেশ। ‘এসডিআর ২০২৫: একটি স্থিতিস্থাপক সার্কের জন্য একত্রে ভবিষ্যৎ গঠন’ প্রতিপাদ্যে দারিদ্র্য বিমোচনের বিষয়ে সার্ক আন্তঃসরকার বিশেষজ্ঞ দলের দ্বিতীয় বৈঠকে এ আহ্বান জানায় বাংলাদেশ। গতকাল শুক্রবার বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
মালদ্বীপ সরকার সার্ক সচিবালয়ের প্রশাসনিক সহায়তায় এবং এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আর্থিক ও কারিগরি সহায়তায় এই সার্ক বৈঠকের আয়োজন করে। মালদ্বীপ প্রজাতন্ত্রের অর্থ ও গণউদ্যোগ মন্ত্রণালয়ের উপমন্ত্রী আলী রশীদ বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে সার্ক সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিদল অংশগ্রহণ করে, যেখানে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং উন্নয়ন বিষয়ক দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয়গুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সদস্য রাষ্ট্রের প্রতিনিধিরা সার্কের উন্নয়নের জন্য তাদের নিজ নিজ জাতীয় দৃষ্টিভঙ্গি ও অগ্রাধিকার তুলে ধরেছে। তারা বিশেষ করে একটি স্থিতিস্থাপক সার্কের রূপকল্প তুলে ধরেছে, যা গভীরতর আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে অর্জিত হবে। এর লক্ষ্য হলো অভিন্ন দুর্বলতা মোকাবিলা, সম্মিলিত স্থিতিস্থাপকতা বৃদ্ধি এবং অঞ্চলজুড়ে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিকে উৎসাহিত করা। সর্বোপরি, সার্ক অঞ্চল, এর জনগণের কল্যাণ এবং পারস্পরিক সুবিধা নিশ্চিত করার জন্য সার্ক প্রক্রিয়াকে পুনরুজ্জীবিত করা।
বাংলাদেশ প্রতিনিধিদলে ছিলেন পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সচিব) ড. মনজুর হোসেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সার্ক ও বিমসটেক উইংয়ের মহাপরিচালক এবং সার্কে বাংলাদেশের জাতীয় ফোকাল পয়েন্ট (এনএফপি) এসএম মাহবুবুল আলম।