শেয়ার বিজ ডেস্ক: চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) শরীয়াহ সূচক পুনর্গঠন করা হয়েছে। সর্বশেষ সমন্বয়ে সূচক থেকে ১২টি কোম্পানি বাদ পড়েছে এবং নতুন করে যুক্ত হয়েছে ৩টি কোম্পানি। আগামী ৩ জুন থেকে সমন্বিত এ সূচক কার্যকর হবে।
আজ বুধবার (২০ মে) সিএসইর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তালিকাভুক্ত ৩৮৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড পর্যালোচনার পর শরীয়াহ সূচকে মোট কোম্পানির সংখ্যা দাঁড়িয়েছে ১০৩টি।
নতুন করে শরীয়াহ সূচকে যুক্ত হওয়া কোম্পানিগুলো হলো— সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি, এশিয়াটিক ল্যাবরেটরিজ এবং সায়হাম টেক্সটাইল মিলস।
অন্যদিকে সূচক থেকে বাদ পড়েছে লিগ্যাসি ফুটওয়্যার, নাভানা সিএনজি, বারাকা পতেঙ্গা পাওয়ার, বারাকা পাওয়ার, ডরিন পাওয়ার জেনারেশনস অ্যান্ড সিস্টেমস, গ্রামীণফোন, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস, এমজেএল বাংলাদেশ, সায়হাম কটন মিলস, অলিম্পিক এক্সেসরিজ, প্রিমিয়ার সিমেন্ট ও মালেক স্পিনিং।
সিএসই জানিয়েছে, শরীয়াহভিত্তিক বিনিয়োগ নীতিমালা অনুসরণ করে নিয়মিত পর্যালোচনার অংশ হিসেবে এ সমন্বয় করা হয়েছে।
