নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে সোনার দাম। ২৪ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বারের মতো দাম বাড়িয়ে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৪ হাজার ৭১০ টাকা। নতুন এই দাম বৃহস্পতিবার (৭ মে) সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
আজ বৃহস্পতিবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী সোনা বা পাকা সোনার দাম বৃদ্ধি পাওয়ায় নতুন করে সোনার মূল্য সমন্বয় করা হয়েছে।
বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন দর ঘোষণা করা হয়।
নতুন নির্ধারিত দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ২১৫ টাকা বাড়িয়ে ২ লাখ ৪৪ হাজার ৭১০ টাকা করা হয়েছে। ২১ ক্যারেটের প্রতি ভরির দাম ২ হাজার ১০০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা।
এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৮০৮ টাকা বাড়িয়ে ২ লাখ ২০০ টাকা ১৩ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৪৫৮ টাকা বাড়িয়ে করা হয়েছে ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকা।
এর আগে বুধবারও সোনার দাম বাড়িয়েছিল বাজুস। তখন ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। সেই দাম কার্যকর ছিল বৃহস্পতিবার সকাল ৯টা ৫৯ মিনিট পর্যন্ত।
সোনার পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১১৭ টাকা বাড়িয়ে ৫ হাজার ৭৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের রুপা প্রতি ভরি ৫ হাজার ৫৪০ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ৭২৪ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৫৫৮ টাকায় বিক্রি হবে।
