নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ৩ হাজার ৩২৪ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬৭ হাজার ১০৬ টাকা।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
বৃহস্পতিবার বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ১৪৯ টাকা কমিয়ে ২ লাখ ৫৪ হাজার ৯৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৬৮৩ টাকা কমিয়ে ২ লাখ ১৮ হাজার ৫৮৩ টাকা করা হয়েছে।
অন্যদিকে সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৮ হাজার ৪০১ টাকা।
এর আগে গতকাল বুধবার সকাল ১০টা থেকে ভালো মানের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২ লাখ ২৭০ হাজার ৪৩০ টাকা নির্ধারণ করা হয়েছিল। তার আগে ১০ মার্চ আরও ৩ হাজার ২৬৬ টাকা বাড়ানো হয়েছিল। ফলে টানা দুই দফা বৃদ্ধির পর এবার সোনার দাম কিছুটা কমানো হলো।
এদিকে সোনার পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩৫০ টাকা কমিয়ে ৬ হাজার ৩৫৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩৫০ টাকা কমিয়ে ৬ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ২৯২ টাকা কমিয়ে ৫ হাজার ১৯০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ১৭৫ টাকা কমিয়ে ৩ হাজার ৯০৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
