নিজস্ব প্রতিবেদক: রাজধানীর লালবাগ থানায় দায়ের করা বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত একটি মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী-কে গ্রেপ্তার দেখানো হয়েছে।
আজ মঙ্গলবার (৭ এপ্রিল) বেলা ১১টা ২০ মিনিটের দিকে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার মো. নাসির উদ্দিন। তিনি জানান, শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মোট ছয়টি মামলা রয়েছে। এর মধ্যে লালবাগ থানার বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
তাকে আদালতে তোলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। কিছুটা সময় লাগবে।”
এর আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এন এম নাসির উদ্দিন জানান, মঙ্গলবার ভোরে রাজধানীর একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে সুনির্দিষ্ট মামলায় আদালতে পাঠানো হবে বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, শেখ হাসিনা সরকারের পতনের পর ২০২৪ সালের ২ সেপ্টেম্বর স্পিকারের পদ থেকে পদত্যাগ করেন শিরীন শারমিন চৌধুরী। এর আগে ২০১৩ সালের ৩০ এপ্রিল তিনি প্রথমবারের মতো জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হন এবং পরবর্তীতে ধারাবাহিকভাবে দায়িত্ব পালন করেন।
এদিকে, ২০২৪ সালের জুলাইয়ে সংঘটিত গণ–অভ্যুত্থান-সংক্রান্ত সহিংসতার ঘটনায়ও তার বিরুদ্ধে মামলা রয়েছে। রংপুরে গুলিবিদ্ধ হয়ে স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন নিহত হওয়ার ঘটনায় ২০২৪ সালের ২৭ আগস্ট শিরীন শারমিন চৌধুরীসহ সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং আরও ১৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়।
পুলিশ জানিয়েছে, সংশ্লিষ্ট মামলাগুলোর বিষয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
