নিজস্ব প্রতিবেদক : হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সাবেক সিইও বিশ্বজিৎ কুমার মণ্ডলকে অপসারণ করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কতৃপক্ষ (আইডিআরএ)। গতকাল রোববার এক চিঠিতে এমন তথ্য নিশ্চিত করেন আইডিআরএর পরিচালক মোহা. আব্দুল মজিদ।
চিঠিতে জানা যায়, হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সাবেক মুখ্য নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ কুমার মণ্ডলকে বীমা আইন, ২০১০-এর ৫০/১)(খ) ধারায় ২০২৩ এর ২১ সেপ্টেম্বর থেকে মুখ্য নির্বাহী কর্মকর্তা পদ হতে অপসারণ করা হয়। এ সময় তাকে আদালতে অপসারণ আদেশ-সংক্রান্ত তার দায়েরকৃত রিট মামলাগুলো প্রত্যাহার করে নিঃশর্তভাবে ক্ষমা প্রার্থনাপূর্বক অপসারণ আদেশ প্রত্যাহারের আবেদন করতে বলা হয়েছে।
আইডিআরএর চিঠিতে আরো বলা হয়েছে, বিশ্বজিৎ কুমার মণ্ডল যমুনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এবং হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির কোনো পদে আর নিয়োজিত থাকতে পারবেন না। সে বীমা কোম্পানিতে নতুন করে মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগপ্রাপ্ত হতে হলে তাকে এক বছর অতিক্রম হতে হবে বলে আদেশ দেওয়া হয়েছে। তবে এক বছর পর যমুনা লাইফ এবং হোমল্যান্ড লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড বাদে অন্য কোনো কোম্পানি তাকে যোগ্য মনে করলে সেখানে কাজ করতে পারবেন বলেও জানানো হয়।
এদিকে যমুনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত বিশ্বজিত কুমার মণ্ডলের বিচার দাবিতে মানববন্ধন করেছেন কোম্পানির ক্ষতিগ্রস্ত ও বৈষম্যের শিকার কর্মী-কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যরা। গত বছরের শুরুতে দুর্নীতিবাজ আখ্যায়িত করে বিশ্বজিত কুমার মণ্ডলের অপসারণ ও বিচার দাবি করা হয়। বিশ্বজিত কুমার মণ্ডল গত বছর ২৮ আগস্ট যমুনা লাইফের ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা পদে রয়েছেন। তার পর থেকে তার বিরুদ্ধে কোম্পানিতে বিভিন্ন আর্থিক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে বলে জানা যায়।
অপরদিকে বিশ্বজিত কুমার মণ্ডল হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে কোটি টাকা দুর্নীতির দায়ে বীমা নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ কর্তৃক ২০২৩ সালে মুখ্য নির্বাহী কর্মকর্তা পদ হতে সারাজীবনের জন্য অপসারিত হন। হোমল্যান্ড থেকে অপসারণের পর দুর্নীতির মাধ্যমে যমুনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসাবে নিয়োগ পাওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।
