Print Date & Time : 14 May 2026 Thursday 7:02 pm

২০২৭ সালের এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: আগামী ২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে সরকার। ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি থেকে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে এবং চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। অন্যদিকে, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা শুরু হবে ৬ জুন এবং শেষ হবে ১৩ জুলাই।

আজ বৃহস্পতিবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়-এ আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

মন্ত্রী বলেন, “এসএসসি পরীক্ষা ৭ জানুয়ারি শুরু হয়ে ফেব্রুয়ারির মধ্যে শেষ হবে। এইচএসসি পরীক্ষা ৬ জুন শুরু হয়ে চলবে ১৩ জুলাই পর্যন্ত। এরই মধ্যে পরীক্ষার পূর্ণাঙ্গ রুটিন চূড়ান্ত করা হয়েছে।”

তিনি জানান, পরীক্ষার সময়সূচি এমনভাবে নির্ধারণ করা হয়েছে যাতে শিক্ষার্থীরা ফল প্রকাশের পর বিশ্ববিদ্যালয় ও অন্যান্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সেমিস্টার কার্যক্রমের সঙ্গে সমন্বয় করতে পারে। পাশাপাশি পুরো সিলেবাস সম্পন্ন করেও পরীক্ষা নেওয়া সম্ভব হবে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, ভর্তি কার্যক্রমে পূর্বে কিছুটা বিলম্ব হলেও বর্তমানে সেটি সমন্বয় করা হয়েছে। শিক্ষা বোর্ড ও সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করেই ২০২৭ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচি নির্ধারণ করা হয়েছে।