Print Date & Time : 15 May 2026 Friday 3:54 pm

২৪ ঘন্টায় হাম ও উপসর্গে আরও ৯ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে তিনজনের মৃত্যু নিশ্চিতভাবে হামজনিত বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি ছয়জন হামের উপসর্গ নিয়ে মারা গেছেন।

শনিবার (৯ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ৬১ জন। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯১ জনে।

এদিকে একই সময়ের মধ্যে দেশে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ছয় হাজার ৯৭৯ জন। আর সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭ হাজার ৬৫৬ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এখন পর্যন্ত হাম সন্দেহে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৩ হাজার ৬৩১ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৯ হাজার ৭৪৬ জন।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের টিকাদান কার্যক্রম আরও জোরদার না করলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। একই সঙ্গে আক্রান্তদের দ্রুত শনাক্ত ও চিকিৎসা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন তারা।