Print Date & Time : 22 April 2026 Wednesday 5:50 pm

২ জুলাই থেকে শুরু এইচএসসি পরীক্ষা, রুটিন প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। ঘোষিত রুটিন অনুযায়ী, আগামী ২ জুলাই থেকে দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে একযোগে এই পরীক্ষা শুরু হবে।

প্রকাশিত সূচি অনুযায়ী, প্রথম দিন সকালে আবশ্যিক বাংলা প্রথম পত্রের মাধ্যমে পরীক্ষার সূচনা হবে। ৪ জুলাই বাংলা দ্বিতীয় পত্র, ৬ জুলাই ইংরেজি প্রথম পত্র এবং ৮ জুলাই ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১১ জুলাই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

জুলাই মাসজুড়ে অন্যান্য আবশ্যিক ও নৈর্বাচনিক বিষয়ের পরীক্ষাও চলবে। ১৩ থেকে ১৮ জুলাইয়ের মধ্যে পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান, যুক্তিবিদ্যা ও ভূগোলের উভয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৯ জুলাই রসায়ন, ইসলামের ইতিহাস ও ইতিহাস প্রথম পত্র এবং ২২ জুলাই এসব বিষয়ের দ্বিতীয় পত্রের পরীক্ষা নেওয়া হবে।

মাসের শেষভাগে অর্থনীতি, পৌরনীতি, জীববিজ্ঞান এবং ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। এছাড়া ৩০ জুলাই ও ১ আগস্ট মনোবিজ্ঞান, কৃষিশিক্ষা এবং চারু ও কারুকলা বিষয়ের পরীক্ষা নির্ধারিত হয়েছে।

আগস্টের শুরুতে ২ আগস্ট উচ্চতর গণিত ও ইসলাম শিক্ষা প্রথম পত্র এবং ৪ আগস্ট দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৮ আগস্ট ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা, সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিষয়ের পরীক্ষার মাধ্যমে তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে।

এইচএসসি পরীক্ষার রুটিন দেখুন এখানে->->-> [1]

শিক্ষা বোর্ড জানিয়েছে, আগামী ১৫ আগস্টের মধ্যে সব বিষয়ের ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করে নম্বর অনলাইনে জমা দিতে হবে।

পরীক্ষার্থীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনাও দেওয়া হয়েছে। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হয়ে আসনে বসতে হবে। পরীক্ষায় প্রথমে বহুনির্বাচনী (এমসিকিউ) এবং পরে সৃজনশীল (সিকিউ) অংশ নেওয়া হবে, যার মধ্যে কোনো বিরতি থাকবে না। ১০০ নম্বরের পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে ৩ ঘণ্টা।

এছাড়া সাধারণ বৈজ্ঞানিক ক্যালকুলেটর ব্যবহার করা গেলেও প্রোগ্রামিং ক্যালকুলেটর ও মোবাইল ফোন কেন্দ্রে আনা সম্পূর্ণ নিষিদ্ধ। তত্ত্বীয়, বহুনির্বাচনী ও ব্যবহারিক—প্রতিটি অংশে পৃথকভাবে পাস করা বাধ্যতামূলক করা হয়েছে বলে জানিয়েছে বোর্ড।