শেয়ার বিজ ডেস্ক: টানা এক মাসেরও বেশি সময় ধরে চলমান সংঘাতের মধ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে শিগগিরই ৪৫ দিনের একটি যুদ্ধবিরতি কার্যকর হতে পারে। যুক্তরাষ্ট্র, ইসরায়েলি ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, সম্ভাব্য এই যুদ্ধবিরতি কার্যকর হলে তা দুই ধাপে বাস্তবায়ন করা হবে। প্রথম ধাপে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ৪৫ দিন পরস্পরের ওপর কোনো ধরনের সামরিক হামলা থেকে বিরত থাকবে। একই সময় স্থায়ী যুদ্ধবিরতির লক্ষ্যে মধ্যস্থতাকারীদের উপস্থিতিতে তিন পক্ষের মধ্যে আলোচনা শুরু হবে।
এর আগে মার্চের শেষ দিকে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথ হরমুজ প্রণালী থেকে অবরোধ প্রত্যাহার এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চুক্তিতে পৌঁছাতে ইরানকে ১০ দিনের সময়সীমা বেঁধে দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সময়সীমা শেষ হচ্ছে সোমবার।
এদিকে রোববার ইরানকে আরও ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি সতর্ক করে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে ইরান অবরোধ প্রত্যাহার না করলে দেশটির বিদ্যুৎকেন্দ্রগুলোতে হামলা চালানো হতে পারে।
তবে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, ট্রাম্পের এসব আল্টিমেটাম মেনে নেওয়ার সম্ভাবনা ইরানের ক্ষেত্রে কম। বরং ৪৫ দিনের সম্ভাব্য যুদ্ধবিরতিই বর্তমান উত্তেজনা প্রশমনে কার্যকর ভূমিকা রাখতে পারে বলে মনে করা হচ্ছে।
সূত্রগুলো আরও জানিয়েছে, প্রস্তাবিত এই যুদ্ধবিরতি নিয়ে আলোচনা বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং অচিরেই এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।
এদিকে এক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প স্বীকার করেছেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের ‘গভীর আলোচনা’ চলছে। তিনি আশা প্রকাশ করেন, নির্ধারিত সময়সীমার আগেই এই আলোচনার ফল পাওয়া যাবে।
তবে একইসঙ্গে সতর্ক করে তিনি বলেন, সমঝোতায় পৌঁছানো না গেলে কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে।
