নিজস্ব প্রতিবেদক : সূচকের পতন ও লেনদেন হ্রাসের মধ্য দিয়ে সপ্তাহের শেষ কার্যদিবস শেষ হয়েছে দেশের পুঁজিবাজারে। গতকাল বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আগের দিনের তুলনায় সূচক কমার পাশাপাশি টাকার অঙ্কে লেনদেনও কমেছে। একই সঙ্গে অধিকাংশ তালিকাভুক্ত কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের ইউনিট দর নিম্নমুখী ছিল।
সপ্তাহের শেষ কার্যদিবসে বাজার পর্যালোচনায় দেখা যায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবারও লেনদেনের শুরুতে সূচক বাড়লেও দিন গড়ানোর সঙ্গে সঙ্গে তা পতনের দিকে চলে যাচ্ছে। বৃহস্পতিবারও তার ব্যতিক্রম হয়নি। সকাল থেকে উভয় বাজারে সূচক ঊর্ধ্বমুখী থাকলেও দুপুর ১২টা ২৩ মিনিটের পর থেকে বিক্রির চাপ বাড়তে থাকে। লেনদেন শেষ হওয়া পর্যন্ত এই নিম্নমুখী প্রবণতা বজায় ছিল।
ডিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে প্রধান সূচক ডিএসইএক্স ৩২ দশমিক ৩০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ২৩৪ পয়েন্টে। শরিয়াহ সূচক ডিএসইএস ১ দশমিক ৭৫ পয়েন্ট কমে ১ হাজার ৭২ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৯ দশমিক ৮৫ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১ পয়েন্টে।
এদিন ডিএসইতে ৩৯২টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ১২৩টির, কমেছে ২২২টির এবং অপরিবর্তিত ছিল ৪৭টির। টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৫৮৭ কোটি ৪১ লাখ টাকা, যা আগের কার্যদিবসের ৭১২ কোটি ৩৪ লাখ টাকার তুলনায় উল্লেখযোগ্যভাবে কম।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সিএসসিএক্স সূচক ২২ দশমিক ৭৬ পয়েন্ট কমে ৯ হাজার ১২২ পয়েন্টে নেমে আসে। সার্বিক সূচক সিএএসপিআই ২৯ দশমিক ৫০ পয়েন্ট কমে দাঁড়ায় ১৪ হাজার ৭৩১ পয়েন্টে। শরিয়াহ সূচক কমেছে ৩ দশমিক ৭৪ পয়েন্ট। তবে সিএসই-৩০ সূচক ৫৯ দশমিক ৪৩ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৩৩৩ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে মোট ১৮৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬২টির, কমেছে ৯৫টির এবং অপরিবর্তিত ছিল ৩০টির। এ বাজারে লেনদেন হয়েছে ৭ কোটি ১৭ লাখ টাকা, যা আগের দিনের ৭ কোটি ২৯ লাখ টাকার চেয়ে সামান্য কম।
ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল এশিয়াটিক ল্যাব, ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, সিমটেক্স, বিএসসি, ওয়ালটন হাইটেক, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স এবং কে অ্যান্ড কিউ।
দর বৃদ্ধির শীর্ষে থাকা কোম্পানিগুলোর মধ্যে রয়েছে-ইবিএল প্রথম মিউচুয়াল ফান্ড, আইএফআইসি প্রথম মিউচুয়াল ফান্ড, আইসিবি এমপ্লয়িজ মিউচুয়াল ফান্ড স্কিম-১, প্রাইম প্রথম আইসিবিএ মিউচুয়াল ফান্ড, এসইএমএল আইবিবিএল মিউচুয়াল ফান্ড, আইএফআইএল ইসলামী মিউচুয়াল ফান্ড-১, ওয়ালটন হাইটেক, আলহাজ্ব টেক্সটাইল, আইসিবি সোনালি মিউচুয়াল ফান্ড-১ এবং এফবিএফ ইনকাম ফান্ড।
অন্যদিকে দরপতনের শীর্ষে ছিল রিজেন্ট টেক্সটাইল, টেকনো ড্রাগস, আরামিট সিমেন্ট, টুংহাই ইন্ডাস্ট্রিজ, রহিম টেক্সটাইল, নর্দার্ন ইন্স্যুরেন্স, এবি ব্যাংক, স্ট্যান্ডার্ড সিরামিকস, মোজাফফর স্পিনিং ও ক্রিস্টাল ইন্স্যুরেন্স।
প্রিন্ট করুন







Discussion about this post