নিজস্ব প্রতিবেদক : এক্সিম ব্যাংকের পরিচালক নাসরিন ইসলামের নামে কুমিল্লায় থাকা চার কোটি ২৭ লাখ টাকার বেশি মূল্যের জমি জব্দের (ক্রোক) নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল সোমবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
আদালতের আদেশে নাসরিন ইসলামের নামে কুমিল্লার আটটি ভিন্ন স্থানে থাকা মোট ৬০৪ দশমিক ৩৯ শতাংশ জমি জব্দ করতে বলা হয়েছে। দাপ্তরিক নথি অনুযায়ী, এসব সম্পদের মূল্য ৪ কোটি ২৭ লাখ ৭০ হাজার ২১৪ টাকা।
দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক মুহাম্মদ শিহাব সালাম আদালতে জমিগুলো জব্দের আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, নাসরিন ইসলাম ক্ষমতার অপব্যবহার করে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত ২০ কোটি ২৬ লাখ ৫৯ হাজার ৮৫০ টাকার সম্পদ অর্জন করে ভোগদখলে রেখেছেন-এ অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
দুদক জানায়, তদন্তকালে প্রাপ্ত তথ্য অনুযায়ী আসামি তার নামে থাকা স্থাবর ও অস্থাবর সম্পদ বিক্রি বা স্থানান্তরের চেষ্টা করছেন। মামলা নিষ্পত্তির আগে এসব সম্পদ হস্তান্তর, রূপান্তর বা বিক্রি হয়ে গেলে রাষ্ট্রের আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে।
আবেদনে আরও বলা হয়, মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ১৪ ধারা এবং দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭-এর বিধি ১৮ অনুযায়ী আসামির নামে থাকা স্থাবর সম্পত্তি অবিলম্বে জব্দ করা প্রয়োজন।
আদালত দুদকের উপস্থাপিত তথ্য ও যুক্তি আমলে নিয়ে সংশ্লিষ্ট জমিগুলো জব্দের নির্দেশ দেন। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে দুদক সূত্রে জানা গেছে।
প্রিন্ট করুন









Discussion about this post