নিজস্ব প্রতিবেদক : পাকিস্তানের ব্যাংক আলফালাহ লিমিটেডের ‘বাংলাদেশ অংশ’ কিনে নিচ্ছে ব্যাংক এশিয়া। পাকিস্তানের পুঁজিবাজারের তালিকাভুক্ত ব্যাংকটির উদ্যোক্তা বিনিয়োগকারীরা গত শুক্রবার প্রায় চার কোটি ৭৫ লাখ মার্কিন ডলার বা প্রায় ৫৮০ কোটি টাকায় এই বিক্রির প্রস্তাব অনুমোদন করেছে।
ব্যাংক এশিয়ার একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, অধিগ্রহণ প্রক্রিয়ার অংশ হিসেবে এরই মধ্যে ব্যাংক আল ফালাহর বাংলাদেশ কার্যক্রমের অভ্যন্তরীণ নিরীক্ষা সম্পন্ন হয়েছে। কয়েক মাস আগে এ প্রক্রিয়া শুরু হয়। এরই মধ্যে পাকিস্তানের পুঁজিবাজারে বিক্রির অনুমোদনের খবর পাওয়া গেছে এবং শিগগির আনুষ্ঠানিকভাবে অধিগ্রহণ সম্পন্ন হতে পারে। এরপর ব্যাংক আলফালাহর সম্পদ ও কার্যক্রম বুঝে নেবে ব্যাংক এশিয়া।
পাকিস্তান পুঁজিবাজারের তালিকাভুক্ত ব্যাংক আলফালাহ তাদের ৭৮তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ সিদ্ধান্তের কথা জানায়। সভার কার্যবিবরণী গত শুক্রবার পাকিস্তান স্টক এক্সচেঞ্জে জমা দেওয়া হয়েছে।
শেয়ারহোল্ডারদের অনুমোদিত প্রস্তাবে বলা হয়, বাংলাদেশে ব্যাংক আলফালাহর কার্যক্রম ব্যাংক এশিয়া লিমিটেডের কাছে হস্তান্তরের অনুমতি দেওয়া হয়েছে। এজন্য ব্যাংকটি ভিত্তিমূল্য ধরা হয়েছে প্রায় ৫৮০ কোটি টাকা, যা বর্তমান বাজারদরে প্রায় ৪ কোটি ৭৫ লাখ মার্কিন ডলারের সমান।
তবে বিক্রয়মূল্য চূড়ান্ত করার ক্ষেত্রে প্রযোজ্য আইন ও বিধি অনুযায়ী, কিছু সমন্বয় হতে পারে। পুরো প্রক্রিয়াটি দুই দেশের সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থা স্টেট ব্যাংক অব পাকিস্তান এবং বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের ওপর নির্ভরশীল।
১৯৯৯ সালে কার্যক্রম শুরু করা ব্যাংক এশিয়া পরবর্তী সময়ে বিদেশি কয়েকটি ব্যাংকের বাংলাদেশি কার্যক্রম অধিগ্রহণের মাধ্যমে ব্যবসা সম্প্রসারণ করে। এর মধ্যে রয়েছে ব্যাংক অব নোভা স্কটিয়ার বাংলাদেশ কার্যক্রম এবং মুসলিম কমার্শিয়াল ব্যাংকের স্থানীয় কার্যক্রম।
অন্যদিকে ব্যাংক আলফালাহ পাকিস্তানের শীর্ষ স্থানীয় বাণিজ্যিক ব্যাংকগুলোর একটি। দেশটির ২০০টিরও বেশি শহরে ব্যাংকটির এক হাজারের বেশি শাখা রয়েছে। এছাড়া আফগানিস্তান, বাংলাদেশ, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতেও তাদের আন্তর্জাতিক উপস্থিতি আছে।
চলতি বছরের শুরুতে ব্যাংক আলফালাহ আফগানিস্তানে তাদের কার্যক্রম থেকেও বিনিয়োগ প্রত্যাহারের উদ্যোগ নেয়। এ লক্ষ্যে স্টেট ব্যাংক অব পাকিস্তান এবং আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংক গজনফর ব্যাংক প্রয়োজনীয় যাচাই-বাছাই (ডিউ ডিলিজেন্স) শুরুর অনুমোদন দিয়েছে।
ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সোহেল আর কে হুসেইন বলেন, আমরা আলফালাহ ব্যাংকের বাংলাদেশের সম্পদ কেনার জন্য চুক্তি করেছি। সেটা এখন অধিগ্রহণ করা প্রক্রিয়াধীন। বাংলাদেশ ব্যাংক এজিএম করতে বলা হয়েছে, যার সব প্রস্তুতি চূড়ান্ত। বাংলাদেশ ব্যাংকের অনুমোদন পেলেই অধিগ্রহণ করা হবে। মেজর কোন বাধা নেই। আশা করছি, সামনের মাসেই অধিগ্রহণ করা হবে। এতে আমাদের ব্যাংক সমৃদ্ধ হবে। আর আমরা তাদের (আলফালাহ ব্যাংকে) ডলারে পে করছি না। বাংলাদেশি টাকায় প্রায় ৫৮০ কোটি টাকা পরিশোধ করা হবে। সেই অনুযায়ী এগোচ্ছি।
প্রিন্ট করুন










Discussion about this post