নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা।
আজ মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ১০টা থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী সোনা (পাকা সোনা) বা কাঁচামালের দাম বৃদ্ধির কারণে এই মূল্য সমন্বয় করা হয়েছে। এদিন সকালে বাজুসের প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং স্ট্যান্ডিং কমিটির বৈঠকে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
২২ ক্যারেট সোনা প্রতি ভরি ২,৪৪,৭১১ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেট সোনার দাম ৩,১৫০ টাকা বাড়িয়ে ২,৩৩,৫৭২ টাকা করা হয়েছে। ১৮ ক্যারেট সোনা প্রতি ভরি ২,০০,২১৩ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগের চেয়ে ২,৬৮৩ টাকা বেশি। এছাড়া সনাতন পদ্ধতির সোনার দাম ২,২১৬ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১,৬৩,০৬৩ টাকা।
এর আগে গত ২৮ মার্চ দুই দফায় ২২ ক্যারেট সোনার দাম মোট ৬ হাজার ৫৯০ টাকা বাড়ানো হয়েছিল। তবে তার আগে টানা সাত দফায় দাম কমে ৩৫ হাজার ৫৭৫ টাকা হ্রাস পায়।
সর্বশেষ ২৮ মার্চ বিকেল ৪টা থেকে ২২ ক্যারেট সোনার দাম ছিল ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা, যা মঙ্গলবার সকাল ৯টা ৫৯ মিনিট পর্যন্ত কার্যকর ছিল।
সোনার পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। ২২ ক্যারেট রুপার দাম প্রতি ভরি ৩৫০ টাকা বাড়িয়ে ৫ হাজার ৭১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেট রুপা ৫ হাজার ৪২৪ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৬৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৪৯৯ টাকায় বিক্রি হবে।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে কাঁচামালের দামের ঊর্ধ্বগতির কারণে দেশের বাজারে স্বর্ণ ও রুপার দামে এই ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে।
প্রিন্ট করুন











Discussion about this post