শেয়ার বিজ ডেস্ক: কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি ঘিরে যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির নতুন সর্বোচ্চ নেতা মোজতবা আলী খামেনি-এর সামরিক উপদেষ্টা মোহসিন রেজাই বলেছেন, প্রণালিতে যুক্তরাষ্ট্র ‘পুলিশের’ ভূমিকা নেওয়ার চেষ্টা করলে মার্কিন জাহাজ ডুবিয়ে দেওয়া হবে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে মোহসিন রেজাই বলেন, “ট্রাম্প হরমুজ প্রণালিতে পুলিশ হতে চান। এটা কি আপনার কাজ? এটা কি যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী একটি সামরিক বাহিনীর কাজ?” তিনি আরও সতর্ক করে বলেন, “অবরোধ কার্যকর করতে থাকা আপনাদের জাহাজগুলো আমাদের প্রথম ক্ষেপণাস্ত্রের আঘাতেই ডুবতে পারে।”
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে ইরানে হামলা চালানোর পর উত্তেজনা আরও বেড়ে যায়। এর পরপরই তেহরান হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বন্ধ করে দেয়। বর্তমানে প্রণালিটি এবং ইরানের বন্দরগুলো ঘিরে নৌ-অবরোধ আরোপ করে রেখেছে যুক্তরাষ্ট্র।
মোহসিন রেজাই ইরানের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। তিনি ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর সাবেক কমান্ডার-ইন-চিফ ছিলেন এবং ১৯৮১ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। সম্প্রতি তিনি অবসর ভেঙে সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা হিসেবে পুনরায় দায়িত্ব গ্রহণ করেছেন বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।
হরমুজ প্রণালি নিয়ে নতুন করে সৃষ্ট এই উত্তেজনা আন্তর্জাতিক জ্বালানি বাজার ও বৈশ্বিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।
প্রিন্ট করুন











Discussion about this post