নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গুলশান-২ এলাকায় অবৈধভাবে ফ্ল্যাট গ্রহণের অভিযোগে করা মামলায় টিউলিপ রিজওয়ানা সিদ্দিকসহ দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ৬ মে দিন ধার্য করেছেন আদালত।
আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন-এর আদালতে মামলার অভিযোগ গঠন শুনানির দিন নির্ধারিত ছিল। তবে এদিন শুনানি না হয়ে আদালত নতুন করে ৬ মে তারিখ নির্ধারণ করেন।
মামলার অপর আসামি হলেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর সাবেক সহকারী আইন উপদেষ্টা সরদার মোশাররফ হোসেন।
দুর্নীতি দমন কমিশন (দুর্নীতি দমন কমিশন) সূত্রে জানা যায়, অবৈধ সুবিধা গ্রহণের মাধ্যমে গুলশানে ইস্টার্ন হাউজিং লিমিটেড-এর একটি ফ্ল্যাট দখল ও রেজিস্ট্রি করার অভিযোগে গত বছরের ১৫ এপ্রিল টিউলিপ সিদ্দিক, সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ মো. খসরুজ্জামান এবং সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
অভিযোগে বলা হয়, আসামিরা পরস্পরের যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে কোনো অর্থ পরিশোধ ছাড়াই গুলশান-২ এলাকার একটি ফ্ল্যাট অবৈধভাবে দখল করেন এবং পরে সেটি নিজেদের নামে রেজিস্ট্রি করেন।
মামলার এক আসামি শাহ মো. খসরুজ্জামান গত জুলাই মাসে হাইকোর্টে রিট আবেদন করলে আদালত তার বিরুদ্ধে তদন্ত কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেন। পরবর্তীতে চেম্বার আদালতে বিষয়টি গেলে দুদক ‘নো অর্ডার’ পায়।
পরে গত ১১ ডিসেম্বর তদন্ত শেষে দণ্ডবিধির বিভিন্ন ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর সংশ্লিষ্ট ধারায় টিউলিপ সিদ্দিক ও সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে দুদক।
মামলাটির পরবর্তী কার্যক্রম ৬ মে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
প্রিন্ট করুন










Discussion about this post