নিজস্ব প্রতিবেদক: রানা প্লাজা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত কোনো শ্রমিক বা তার একান্ত পরিবারের কেউ থাকলে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করার ঘোষণা দিয়েছেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর উত্তরায় বিজিএমইএ কার্যালয়ে আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এ ঘোষণা দেন। অনুষ্ঠানে রানা প্লাজা ধসে নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনা করা হয়।
মাহমুদ হাসান খান বলেন, রানা প্লাজা শুধু একটি দুর্ঘটনা নয়, বরং এটি ছিল আমাদের সামগ্রিক পোশাকশিল্পের জন্য একটি ‘ওয়েক-আপ কল’। তিনি জানান, এ ঘটনার পর গত এক দশকে বাংলাদেশের পোশাক খাতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে, যা বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে।
তিনি আরও বলেন, বর্তমানে বাংলাদেশ নিরাপদ ও পরিবেশবান্ধব পোশাক উৎপাদনে একটি উদাহরণ হিসেবে দাঁড়িয়েছে। এই অগ্রগতির পেছনে শ্রমিক, উদ্যোক্তা এবং দেশি-বিদেশি অংশীজনদের সম্মিলিত ভূমিকা রয়েছে।
পাশাপাশি তিনি সতর্ক করে বলেন, রানা প্লাজা ইস্যুকে কেন্দ্র করে কেউ যেন কোনো অসৎ উদ্দেশ্য হাসিল করতে না পারে, সে বিষয়ে বিজিএমইএ সজাগ থাকবে।
দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন বিজিএমইএ’র প্রথম সহসভাপতি সেলিম রহমান, সিনিয়র সহসভাপতি ইনামুল হক খান, সহসভাপতি মো. রেজোয়ান সেলিম, সহসভাপতি (অর্থ) মিজানুর রহমান, সহসভাপতি ভিদিয়া অমৃত খান, সহসভাপতি মো. শিহাব উদ্দোজা চৌধুরী, পরিচালক শাহ রাঈদ চৌধুরী, পরিচালক ফয়সাল সামাদ, পরিচালক মো. হাসিব উদ্দিন, পরিচালক নাফিস-উদ-দৌলা, পরিচালক সুমাইয়া ইসলাম, পরিচালক ফাহিমা আক্তার, পরিচালক মজুমদার আরিফুর রহমান, পরিচালক শেখ হোসেন মোহাম্মদ মোস্তাফিজ, পরিচালক জোয়ারদার মোহাম্মদ হোসনে কমার আলম, পরিচালক রুমানা রশীদ, পরিচালক মোহাম্মদ সোহেল, পরিচালক সামিহা আজিম, বিভিন্ন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানবৃন্দ এবং সাধারণ সদস্যরা।
প্রিন্ট করুন











Discussion about this post