শেয়ার বিজ ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের ২৯৪টি আসনের বিধানসভা নির্বাচনের ভোট গণনায় প্রাথমিক ধাপেই এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। সোমবার সকাল থেকে শুরু হওয়া গণনার প্রায় চার ঘণ্টা পর প্রাপ্ত তথ্যে দেখা গেছে, বিজেপি ১৬৭টি আসনে এগিয়ে আছে। অন্যদিকে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস, যার নেতৃত্বে রয়েছেন মমতা ব্যানার্জি, তারা এগিয়ে রয়েছে ৮২টি আসনে।
নির্বাচনে অন্যান্য দলগুলোর মধ্যে বিজিপিএম, সিপিআই(এম) এবং এআইএসএফ একটি করে আসনে এগিয়ে রয়েছে। তবে কেন্দ্রের প্রধান বিরোধী দল ভারতীয় জাতীয় কংগ্রেস এখনো কোনো আসনে এগিয়ে থাকতে পারেনি।
গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় অনুষ্ঠিত হয় এই নির্বাচনের ভোটগ্রহণ। ২৯৪টি আসনের সবগুলোতেই ভোট সম্পন্ন হয় শান্তিপূর্ণ পরিবেশে।
গণনার শুরুতে প্রথমে পোস্টাল ব্যালট গণনা করা হয়। এরপর ধাপে ধাপে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) দেওয়া ভোট গণনা শুরু হয়েছে। নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, দুপুরের মধ্যেই সামগ্রিক ফলাফলের প্রবণতা পরিষ্কার হয়ে উঠবে। তবে কিছু কেন্দ্রের চূড়ান্ত ফলাফল পেতে রাত পর্যন্ত সময় লাগতে পারে।
এবারের নির্বাচনে সবচেয়ে বেশি নজর রয়েছে ভবানীপুর আসনে, যেখানে মুখোমুখি হয়েছেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি এবং বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী। এই আসনের ফলাফল রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।
এছাড়াও তৃণমূলের গুরুত্বপূর্ণ প্রার্থীদের মধ্যে কলকাতা বন্দর আসনে ফিরহাদ হাকিম, রাসবিহারীতে দেবাশীষ কুমার, চৌরঙ্গীতে নয়না বন্দ্যোপাধ্যায়, বেলেঘাটায় কুণাল ঘোষ এবং শ্যামপুকুরে শশী পাঁজার ফলাফলের দিকে নজর রয়েছে।
বিজেপির পক্ষ থেকে শিবপুরে রুদ্রনীল ঘোষ, আসানসোল দক্ষিণে অগ্নিমিত্রা পাল, নোয়াপাড়ায় অর্জুন সিং, রাজারহাট-গোপালপুরে তরুণজ্যোতি তিওয়ারি এবং পানিহাটিতে রত্না দেবনাথের ফল নিয়েও জনমনে আগ্রহ দেখা গেছে।
এছাড়া বাম দলগুলোর প্রার্থীদের মধ্যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, মীনাক্ষী মুখোপাধ্যায় ও সায়নদ্বীপ মিত্র এবং কংগ্রেসের অধীর চৌধুরী, মৌসুম বেনজীর নূরসহ অন্যান্যদের ফলাফল নিয়েও রাজনৈতিক মহলে আলোচনা চলছে।
আজকের এই নির্বাচনের ফলাফলের মাধ্যমেই নির্ধারিত হবে আগামী পাঁচ বছরের জন্য পশ্চিমবঙ্গের শাসনভার কার হাতে যাবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ফলাফল রাজ্যের ভবিষ্যৎ রাজনৈতিক দিকনির্দেশনাতেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।
প্রিন্ট করুন











Discussion about this post