শেয়ার বিজ ডেস্ক: দেশের বন্ধ হয়ে যাওয়া কলকারখানা পুনরায় চালু এবং শ্রমিকদের কর্মসংস্থান নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ সোমবার সকাল ১০টা থেকে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এই বৈঠক দুই ঘণ্টারও বেশি সময় ধরে চলে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মে দিবস উপলক্ষে রাজধানীর নয়া পল্টনে আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধানমন্ত্রী বন্ধ কলকারখানা চালুর ঘোষণা দিয়েছিলেন। সেই ধারাবাহিকতায় বৈঠকে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর রাজনৈতিক এবং শিল্প বিষয়ক উপদেষ্টা রুহুল কবীর রিজভী, প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফুল আলম, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।
বৈঠকে বন্ধ কলকারখানাগুলো পর্যায়ক্রমে চালু করার পরিকল্পনা এবং শ্রমিকদের পুনর্বাসনের বিষয়টি গুরুত্ব পায়। একই সঙ্গে দেশীয় ও বিদেশি বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে নতুন শিল্পকারখানা স্থাপনের উদ্যোগ নিয়েও আলোচনা হয়।
এর আগে নয়া পল্টনের শ্রমিক সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘দ্রুত সময়ের মধ্যে বন্ধ শিল্পপ্রতিষ্ঠানগুলো চালু করে কর্মহীন শ্রমিকদের কাজে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।’
তিনি উল্লেখ করেন, শুধু বন্ধ কলকারখানা চালু করলেই সব সমস্যার সমাধান হবে না; দেশে বিদ্যমান বিপুলসংখ্যক বেকারের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগও তৈরি করতে হবে।
তিনি আরও বলেন, বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করতে সরকার ইতোমধ্যে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা শুরু করেছে এবং তাদের বিভিন্ন সমস্যার সমাধানে কাজ করছে।
প্রধানমন্ত্রী বলেন, শিল্পকারখানা বৃদ্ধি পেলে শ্রমিকদের কর্মসংস্থান বাড়বে এবং দেশের সামগ্রিক অর্থনীতি শক্তিশালী হবে।
তিনি জোর দিয়ে বলেন, “শ্রমিক ও কৃষক ভালো থাকলেই বাংলাদেশ ভালো থাকবে।”
প্রিন্ট করুন











Discussion about this post