Print Date & Time : 25 April 2026 Saturday 7:43 pm

অনিয়মের অভিযোগ টি কে গ্রুপের ‘পুষ্টি’কে জরিমানা

নিজস্ব প্রতিবেদক: অনিয়মের অভিযোগে টি কে গ্রুপের শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে (পুষ্টি) জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে ফুলকলি সুইটস লিমিটেডকেও জরিমানা করা হয়েছে। গতকাল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারের উপস্থিতিতে নারায়ণগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে সমন্বিত অভিযানে এ জরিমানা করা হয়।

সেলিমুজ্জামান জানিয়েছেন, গতকাল নারায়ণগঞ্জের রূপগঞ্জ তারাবোতে দুটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুটি প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) মনজুর মোহাম্মদ শাহরিয়ার উপস্থিত থেকে অভিযান পরিচালনা করেন। প্রথমে তারাবোতে অবস্থিত টি কে গ্রুপের শবনম ভেজিটেবল অয়েল মিল লিমিটেডে (পুষ্টি) অভিযান পরিচালনা করা হয়। এতে দেখা যায়, প্রতিষ্ঠানটি মিলগেটে তেলের মূল্য প্রদর্শন করে না।

এছাড়া তেল লিটারে বিক্রি না করে কেজিতে বিক্রি করে এবং সরকারি মূল্যের চেয়ে বেশি মূল্যে বিক্রি করে। ডিও লেটারে মূল্যতালিকা না থাকার অপরাধে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনের ধারা ৩৭ এবং ৪৫ ধারায় নগদ এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়েছে।

তিনি আরও জানিয়েছেন, রূপগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কের পাশে অবস্থিত ফুলকলি সুইটসকে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি সংরক্ষণ এবং মেয়াদোত্তীর্ণ দুধ রাখার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ধারা ৪৩ অনুযায়ী ৫০ হাজার টাকা ধারা ৫১ অনুযায়ী ৫০ হাজার টাকাসহ মোট এক লাখ টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়েছে। অভিযানে আরও উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল জব্বার মণ্ডল, তাহমিনা আক্তার ও মাগফুর রহমান। অভিযানে সহযোগিতা করেন ক্যাবের প্রতিনিধি ও রূপগঞ্জ থানা পুলিশ।