অন্তর্বর্তী জামিন পেলেন ইমরান

শেয়ার বিজ ডেস্ক: সন্ত্রাস দমন আইনের মামলায় তিন দিনের অন্তর্বর্তী জামিন পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। গতকাল সোমবার ইসলামাবাদ হাইকোর্ট ২৫ আগস্ট পর্যন্ত পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যানের জামিন মঞ্জুর করেন। খবর: জিও নিউজ।

এর আগে গ্রেপ্তার এড়াতে ইমরান খান হাইকোর্টে আগাম জামিন আবেদন করেন। তার পক্ষে পিটিআইয়ের আইনজীবী ফয়সাল চৌধুরী ও বাবর আওয়ান এ আবেদন করেন।

অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং ইসলামাবাদ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হুমকি দেয়ার অভিযোগ রয়েছে ইমরানের বিরুদ্ধে। এজন্য গত রোববার রাতে মামলাটি করা হয়। এর আগে গত শনিবার এক সমাবেশে পিটিআই চেয়ারম্যান এ হুমকি দেন বলে মামলায় অভিযোগ করা হয়।

মামলার পর ইমরান খানকে গ্রেপ্তারের জন্য প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের দপ্তরের লিখিত অনুমোদন চায় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সূত্রগুলো জানায়, পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোটের শরিকদের সবার মতামতের ভিত্তিতে ইমরান খানকে গ্রেপ্তারের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

ইমরান খানকে গ্রেপ্তারে পরোয়ানা জারির খবর ছড়িয়ে পড়লে রাজপথে নেমে আসেন পিটিআইয়ের নেতা-কর্মীরা। এ গ্রেপ্তারের প্রতিবাদে তারা বিক্ষোভ করেন।

পিটিআই নেতা ফাওয়াদ চৌধুরী, হাম্মাদ আজহার, আসাদ উমর, মুরাদ সাঈদ, ওমর আইয়ুব পারভেজ খাট্টাকসহ হাজারো নেতা-কর্মী ইমরান খানের বানিগালার বাসভবনে পৌঁছান। গ্রেপ্তার ঠেকাতে তারা সেখানে অবস্থান কর্মসূচি শুরু করেছেন।

তবে ইমরান খান বর্তমানে কোথায় আছেন, তা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। দেশটির গণমাধ্যমে প্রকাশিত খবরে দেখা গেছে, গ্রেপ্তার এড়াতে ইসলামাবাদের বানিগালা বাসভবন ছেড়েছেন সাবেক প্রধানমন্ত্রী।

তবে পিটিআই নেতা ফয়সাল ভাওদা বলেন, ইমরান খান এখনও বানিগালা বাসভবনে অবস্থান করছেন।

এদিকে ইমরান খানের বক্তব্য প্রচার না করার জন্য তার ইউটিউব চ্যানেলও সাময়িক বন্ধ রাখার অভিযোগ উঠেছে। ইমরান জানান, গত রোববার সন্ধ্যায় তার ইউটিউব চ্যানেল সাময়িক বন্ধ রাখা হয়।