আগামী অর্থবছরে খাদ্যশস্য সংগ্রহের লক্ষ্য ৩১.৪২ লাখ মেট্রিক টন

নিজস্ব প্রতিবেদক: ২০২২-২৩ অর্থবছরে অভ্যন্তরীণ উৎস থেকে খাদ্যশস্য সংগ্রহের জন্য আমরা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি ৩১ দশমিক ৪২ লাখ মেট্রিক টন। অন্যদিকে একই সময় খাদ্যশস্য বিতরণের লক্ষ্যমাত্রা হচ্ছে ৩০ দশমিক ৯৫ লাখ মেট্রিক টন। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সরকারি পর্যায়ে খাদ্যশস্য সংরক্ষণের ধারণক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সরকার কাজ করছে।

গতকাল জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০২২-২৩ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপনকালে এ কথা জানান। অর্থমন্ত্রী বলেন, আমরা আশা করছি, ২০২২-২৩ অর্থবছরে খাদ্য গুদামের ধারণক্ষমতা ২৫ লাখ মেট্রিক টনে উন্নীত করা সম্ভব হবে। এছাড়া অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুযায়ী, খাদ্যশস্য সংরক্ষণ ক্ষমতা ৩৭ লাখ মেট্রিক টনে উন্নীতকরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি। খাদ্যশস্যের সংরক্ষণ সক্ষমতা বৃদ্ধি এবং বিদ্যমান গুদামগুলোর ধারণক্ষমতা বজায় রাখার লক্ষ্যে নতুন উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হচ্ছে।

আলুর বাম্পার উৎপাদনের ক্ষেত্রে কৃষকরা যাতে স্বল্পমেয়াদে (৩ থেকে ৪ মাস) ও সাশ্রয়ী ব্যয়ে তা সংরক্ষণ করতে পারে, সে লক্ষ্যে সরকার বাস্তুভিটাতেই ক্ষুদ্র আকৃতির (২৫ ফুট লম্বা ও ১৫ ফুট প্রস্থের) ‘প্রাকৃতিক আলু সংরক্ষণাগার’ স্থাপনে কৃষকদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে প্রকল্প বাস্তবায়ন করছে।

২০২২-২৩ অর্থবছরের বাজেট প্রস্তাবে বলা হয়েছে, কভিড-১৯-এর প্রভাবে বিশ্বব্যাপী খাদ্য উৎপাদন, সংগ্রহ ও সংরক্ষণ এবং কৃষি বিপণন ব্যবস্থাসহ সার্বিক সরবরাহ শৃঙ্খল একপ্রকার চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিল। এ সময় ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বিশ্বে দুর্ভিক্ষের ঝুঁকি সম্পর্কে সতর্কবাণী দিয়েছিল। বাংলাদেশে কৃষি খাতের উৎপাদন অব্যাহত রাখতে আমাদের সরকার প্রথম থেকেই সতর্ক ছিল। খাদ্য উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসরণপূর্বক ত্বরিত পদক্ষেপ নেয়ার ফলে কভিড-১৯ পরিস্থিতি সত্তে¡ও আমরা দেশে কৃষির উৎপাদনধারা অব্যাহত রাখতে পেরেছি এবং খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম হয়েছি।