নিজস্ব প্রতিবেদক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পাইপলাইন আগামী মে মাসের শেষ দিক থেকেই দেওয়া হবে। এলএনজি শিল্পকারখানায় সংযোগ দেওয়া হবে। এতে প্রচুর কর্মসংস্থান সৃষ্টি হবে।
গত বুধবার রাজধানীতে শেভরনের সহায়তায় সুইস কন্ট্রাক্ট কর্তৃক বাস্তবায়িত ‘উন্নত জীবনের জন্য কারিগরি দক্ষতা: উত্তরণ প্রকল্পের অভিজ্ঞতা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, উন্নত দেশ গড়তে দক্ষ ও নিবেদিতপ্রাণ কর্মী দরকার; তাদের নেতৃত্বগুণে প্রকাশ পাবে দেশপ্রেম ও কর্মনিষ্ঠা। এ নিষ্ঠাবান তরুণরাই আগামীর বাংলাদেশ গড়ে তুলবে।
উত্তরণ-উন্নত জীবনের লক্ষ্যে তিন বছরমেয়াদি একটি দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম, যা সিলেট, মৌলভীবাজার এবং হবিগঞ্জ জেলার মোট এক হাজার ৪০০ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ২০১৬ সালের আগস্ট মাস থেকে কাজ করছে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পেট্রোবাংলার চেয়ারম্যান আবুল মনসুর মো. ফয়জুল্লাহ, শেভরন বাংলাদেশের প্রেসিডেন্ট কেভিন নালয়ন ও সুইস কন্ট্রাক্ট বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর অনির্বাণ ভৌমিক বক্তব্য রাখেন।
উল্লেখ্য, ২৪ এপ্রিল কাতার থেকে আমদানি করা এক লাখ ৩৬ হাজার ঘনমিটার তরলীকৃত প্রাকৃতিক গ্যাসবাহী প্রথম জাহাজ পৌঁছেছে বাংলাদেশে। কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ীতে নোঙর করে আমেরিকান কোম্পানির জাহাজ ‘এক্সিলেন্স’। এ জাহাজের দেশি শিপিং এজেন্ট সীকম শিপিং লাইন্স লিমিটেড।

Print Date & Time : 24 May 2026 Sunday 3:33 am
আগামী মাসেই এলএনজি পাইপলাইনে দেওয়া হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
পত্রিকা ♦ প্রকাশ: