প্রতিনিধি, আনোয়ারা (চট্টগ্রাম): চট্টগ্রামের আনোয়ারায় বঙ্গোপসাগরের মোহনা ও সাঙ্গু নদীতে অবৈধ জাল নির্মূলে বিশেষ কম্বিং অপারেশন করেছে স্থানীয় উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার সকালে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরীর নেতৃত্বে এই ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়। এসময় তিনটি উপকূলীয় বেহুন্দি জাল, তিনটি পেকুয়া জাল ও চারটি মশারি জালসহ মোট আট হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় চার লাখ টাকা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা রাশিদুল হক, মেরিন ফিশারিজ অফিসার হুজ্জাতুল ইসলাম, ফিল্ড অফিসার জাহেদ আহমেদ, অফিস সহকারী মোহাম্মদ এনামুল হক, সাঙ্গু স্টেশনের সিসি দেলোয়ার হোসেন প্রমুখ।
পরে জব্দকৃত এসব অবৈধ জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান অভিযানের নির্বাহী ম্যাজিস্ট্রেট।




