নিজস্ব প্রতিবেদক: গতকাল আনুমানিক বেলা ২টায় র্যাব-১-এর এক অভিযানে নারায়ণগঞ্জে মো. শামসুদ্দিন নামের এক আন্তর্জাতিক মানবপাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ডিএমপির পল্টন থানা এলাকা থেকে এক নারী ও দুই পুরুষ ভিক্টিমসহ ওই পাচারকারীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের সময় আসামির কাছে দুটি মোবাইল ফোন, একাধিক ব্যক্তির পাসপোর্ট ও একটি বিএমইটি কার্ড পাওয়া যায়।
ধৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে জানা যায়, বর্তমানে দুবাইয়ে অবস্থানরত ফেনীর মোহাম্মাদ জিয়াউদ্দিনের (৩৭) পরিকল্পনা ও নেতৃত্বে এ অপরাধ সংঘটিত হচ্ছে। জিয়ার সঙ্গে নানা পর্যায়ের ব্যক্তিদের যোগসাজশের প্রমাণও পাওয়া গেছে। বিভিন্ন কোম্পানি ও গার্মেন্ট ফ্যাক্টরিতে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে এই প্রতারক চক্র নারীদের বিদেশ গমনে প্রলুব্ধ করে। জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, সে এ পর্যন্ত শতাধিক নারীকে এভাবে বিদেশে পাচার করেছে।
র্যাব এই নারীদের উদ্ধার ও অন্যান্য অপরাধীকে গ্রেপ্তারের চেষ্টা করছে। ওই আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।
মানবপাচার প্রসঙ্গে সহকারী পুলিশ সুপার নোমান আহমেদ বলেন, বর্তমানে দেশে মানবপাচারের মত ঘৃণ্যতম অপরাধ থেমে নেই। মানবপাচারকারী চক্রের টার্গেট দরিদ্র মানুষ। পাচারকারীরা বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে সহজ-সরল এই মানুষগুলোকে ফাঁদে ফেলে নিয়ে যাচ্ছে অন্ধকার জগতে। পাচারকারীদের পাতা জালে জড়িয়ে অবৈধ পথে বিদেশ পাড়ি দিতে গিয়ে জীবনের ঝুঁকি নিচ্ছে এসব মানুষ, যাদের বেশিরভাগই নারী।




