Print Date & Time : 20 April 2026 Monday 4:12 pm

আশুগঞ্জে শ্রমিক ধর্মঘট প্রত্যাহার

প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : প্রশাসনের আশ্বাসে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নদীবন্দরে চলা অনির্দিষ্টকালের নৌযান ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। গতকাল সোমবার থেকে শ্রমিকরা বন্দরে কাজে যোগদান করেছেন।

নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সমন্বয়ক হাবিবুল্লাহ বাহার মাস্টার বলেন, বিষয়টির সুষ্ঠু সমাধান করা হবে বলে প্রশাসন থেকে আমাদের আশ্বাস দেয়া হয়েছে। তাই আমরা ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছি। শ্রমিকরা কাজে জোগদান করেছে। আগামীকাল আমাদের সভা আহ্বান করা হয়েছে। সেখানে এই বিষয়ে আলোচনার পর পরবর্তী করণীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

এ বিষয়ে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামল চন্দ্র বসাক জানান, প্রশাসনের পক্ষ থেকে শ্রমিক নেতাদের সঙ্গে কথা হয়েছে। শ্রমিকরা কাজে ফিরেছেন।

এর আগে শ্রমিকদের মারধরের প্রতিবাদে রোববার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করে আসছিলেন শ্রমিকরা।

উল্লেখ্য, আশুগঞ্জ নদীবন্দরে নৌপথে সার, রড, সিমেন্ট, ধান, চাল, পাথর, কয়লাসহ কোটি কোটি টাকার বিভিন্ন পণ্য নিয়ে প্রতিদিন অর্ধশত জাহাজ নোঙর করে। এসব পণ্য আশুগঞ্জ থেকে সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, কিশোরগঞ্জের চাহিদা মিটিয়ে থাকে।