আশ্রয়প্রার্থীদের ফেরত পাঠাতে চায় জার্মানির রক্ষণশীল দলগুলো

শেয়ার বিজ ডেস্ক: জার্মানির রক্ষণশীল রাজনৈতিক দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন (সিডিইউ) দেশটির কয়েকটি রাজ্যকে আরও নিরাপদ করতে চায়। এজন্য দেশটিতে অভিবাসনপ্রত্যাশী ব্যক্তিদের মধ্যে যাদের আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যাত হয়েছে, তাদের দ্রুত ফেরত পাঠানো হবে বলে মনে করছে দলটি। খবর: ডয়চে ভেলে।

বিরোধী দল সিডিইউ’র প্রধান ফ্রিডরিশ মেয়ার্স নীতি পরিবর্তনের আহ্বান জানিয়েছেন। ফলে যাদের আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে, জার্মান কর্তৃপক্ষের জন্য তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়াটি সহজ হবে।

জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস জর্জিয়া এবং মলদোভাকে অন্তর্ভুক্ত করতে চেয়ে তথাকথিত নিরাপদ দেশগুলোর তালিকা বাড়ানোর পরিকল্পনার ঘোষণার পর সিডিইউ প্রধানের এই মন্তব্যটি সামনে এসেছে। তবে এ বিষয়ে নতুন সংযোজনগুলো জার্মান সংসদে অনুমোদিত হতে হবে।

সরকারের পরিকল্পনায় উল্লেখ করা দুটি দেশ ছাড়াও মেয়ার্স তালিকাটি আরও বড় করার আহ্বান জানান। তিনি বলেন, আমরা আশ্রয় মঞ্জুরে বিশ্বাস করি। এখানে আসা সারা বিশ্বের নিপীড়িতদের সাহায্য করি আমরা। তবে অতিরিক্ত কিছু করার প্রয়োজন নেই। আমরা যা করতে পারি তার সীমা রয়েছে, আর সেই সীমা বর্তমানে পেরিয়ে গিয়েছে।

তিনি তিউনিশিয়া, মরক্কো, আলজেরিয়া ও ভারতকে নিরাপদ দেশের সেই তালিকায় যুক্ত করা যেতে পারে বলে উল্লেখ করেছেন। তার কথায়, এসব দেশের নাগরিকদের আশ্রয়ের আবেদনের গ্রহণযোগ্যতার হার সর্বনিন্ম পরিমাণে রাখতে হবে।

তার কথায়, এই দেশগুলোকে অবশ্যই নিরাপদ দেশ হিসেবে স্বীকৃতি দিতে হবে, যাতে শিগগির সেখানে প্রত্যাবাসন করা যায়।

বার্লিন নির্দিষ্ট দেশগুলোকে নিরাপদ বলে মনে করলে স্থানীয় জার্মান কর্তৃপক্ষ সেসব দেশের নাগরিকদের আশ্রয়ের আবেদনগুলো নিয়ে দ্রুত কাজ করতে পারবে। অর্থাৎ আবেদনকারীদের অবশ্যই যথাযথ কারণ দেখাতে হবে। সাধারণত নিরাপত্তা পরিস্থিতি সন্তোষজনক বলে মনে করা হয় এমন দেশে কেন তারা ব্যক্তিগতভাবে ঝুঁকির মধ্যে রয়েছেন বা কেন নিজের রাষ্ট্রে নিপীড়নের মুখোমুখি তার যথাযথ কারণ দেখাতে হবে।