শেয়ার বিজ ডেস্ক: যুক্তরাজ্যকে পুনরায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) জোটে যুক্ত হওয়ার দাবিতে লন্ডনের রাস্তায় হাজার মানুষ বিক্ষোভ করেছেন। খবর: দ্য গার্ডিয়ান।
দুই বছর আগে ইইউ থেকে সম্পূর্ণরূপে বের হয়ে যাওয়া যুক্তরাজ্যকে ইইউ জোটে দেখতে চান তারা। স্থানীয় সময় গত শনিবার লন্ডনের পার্লামেন্ট স্কয়ারের সামনে এ বিক্ষোভ হয়েছে। লন্ডনের পার্ক লেন থেকে পার্লামেন্ট স্কয়ার পর্যন্ত হাজার মানুষ মিছিল করেছেন এবং তারা যুক্তরাজ্যকে পুনরায় ইইউতে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছে।
ইইউ জোট থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়া কেন্দ্র করে ২০১৬ সালে শুরু হয়েছিল ‘ব্রেক্সিট’ আন্দোলন। তারপর ব্রেক্সিটের পক্ষে-বিপক্ষে গণভোট ও নানা পথ ঘুরে ২০২০ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বরিস জনসনের হাত ধরে ব্রেক্সিট আন্দোলন পূর্ণতা পায় এবং ব্রিটেন ইইউ থেকে সম্পূর্ণরূপে বের হয়ে যেতে সক্ষম হয়। এর দুই বছর যেতে না যেতে ফের যুক্তরাজ্যে শুরু হলো ইইউতে যুক্ত হওয়ার আন্দোলন।
বিক্ষোভে অংশ নেয়া অনেকে বলেছেন, তারা লন্ডনের বিভিন্ন অঞ্চল থেকে কয়েক ঘণ্টার পথ পাড়ি দিয়ে এসে বিক্ষোভে যোগ দিয়েছেন। আন্দোলনে অংশ নেয়া ৬০ বছর বয়সী শিক্ষক নিকি আজিবদে বলেন, ব্রেক্সিট কখনও কাজ করবে না। আমাদের পুনরায় ইইউতে যোগ দিতে হবে। আমরা এখন যে পরিস্থিতিতে আছি, তাতে ২০১৬ সালের মতো আবার
গণভোটের আয়োজন করা ছাড়া উপায় নেই। ওয়ারউইকশায়ার থেকে বোনের সঙ্গে মিছিলে আসা প্রবীণ শিক্ষক নিকি আজিবদে আরও বলেন, সেই সময়ের গণভোটের ফলটি অতি সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে হয়নি। ভোটের ব্যবধান ছিল ৫২ শতাংশ ও ৪৮ শতাংশ। এখন দেখুন, ছয় বছর ধরে আমরা কোথায় আছি। আমাদের এই মুহূর্তে একজন বুদ্ধিমান সরকার দরকার। রাজনৈতিক নেতারা শুধু বস্তাবন্দি ইঁদুরের মতো ঝগড়া করছে।




