শেয়ার বিজ ডেস্ক: ইউরোপীয় বাজারে টেসলার বিক্রি কমেছে। ২০২৪ সালে টেসলার বিক্রি কমেছে ১০ দশমিক ৮ শতাংশ। যেখানে সামগ্রিকভাবে গাড়ির বাজার মাত্র ১ দশমিক ৩ শতাংশ সংকুচিত হয়েছে। খবর: রয়টার্স।
গত জানুয়ারির শেষের দিকে একটি বৈদ্যুতিক গাড়ি পর্যালোচনা ওয়েবসাইটের এক সমীক্ষায় দেখা গেছে, যুক্তরাজ্যের ৫৯ শতাংশ মানুষ বৈদ্যুতিক গাড়ি কিনতে ইচ্ছুক। তবে তারা এর প্রতিষ্ঠাতা ইলন মাস্কের কারণে টেসলা কিনবেন না। তারা ‘টেসলাটেকডাউন’ ও ‘স্বস্তিকার’ হ্যাশট্যাগ ব্যবহার করেও এক্সে টেসলাবিরোধী প্রচার চালাচ্ছেন।
ব্রিটেনের একটি কমিউনিকেশনস ও মার্কেট ইন্টেলিজেন্স ফার্ম চালান বেন কিলবি। তিনি তিন বছর ধরে টেসলার ওয়াই মডেল চালাচ্ছেন। তবে মাস্কের কারণে এখন সেটি বিক্রি করে দিতে চাচ্ছেন। কিলবি বলেন, আমি আমার টেসলাকে ভালোবাসি, এর প্রযুক্তিকে ভালোবাসি। কিন্তু আমি মাস্কের রাজনীতির সঙ্গে যুক্ত থাকতে চাই না। মূলত ইউরোপে মাস্কের উগ্র ডানপন্থী দলের প্রতি উৎসাহ টেসলার জন্য ক্ষতির কারণ হচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা। ইউরোপীয় অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (এসিইএ) তথ্য অনুযায়ী, জানুয়ারিতে ইউরোপে টেসলার বিক্রি আগের বছরের তুলনায় ৪৫ শতাংশ কমে গেছে। অথচ তাদের প্রতিদ্বন্দ্বীদের বিক্রি ৩৭ শতাংশের বেশি বেড়েছে।
ফেব্রুয়ারির প্রথম দিকে ইউরোপে বিক্রির পরিসংখ্যান থেকে দেখা যায়, টেসলার এ পতন অব্যাহত রয়েছে।
চারটি করপোরেট-কার ফ্লিট ম্যানেজার জানিয়েছেন, তাদের শোরুমে টেসলার বিক্রি আগের মতোই রয়েছে। কোথাও কমেছে। তবে এ অবস্থা কঠিন সময়ের ইঙ্গিত দিচ্ছে। ইউরোপের রাজনীতিতে মাস্কের প্রভাব এখনও অস্পষ্ট। তবে ২০২৪ সালের শুরু থেকে এক্সে মাস্কের পোস্ট ও রিপোস্টগুলো পর্যালোচনা করেছে রয়টার্স। এতে দেখা গেছে, নভেম্বরে ট্রাম্পকে হোয়াইট হাউসে ফিরিয়ে আনতে ২৫০ বিলিয়নের বেশি ডলার অনুদান দেয়ার পর তিনি ইউরোপের দিকে মনোযোগ দিয়েছেন। তিনি ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সমালোচনা করেছেন। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছেন। তাঁরা উভয়েই অভিবাসন এবং পশ্চিমা দেশগুলোতে কম জন্মহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সম্প্রতি মেলোনি ইলন মাস্ককে ‘মূল্যবান জিনিয়াস’ বলে অভিহিত করেছেন।
তবে আমেরিকার ইউরোপ নীতিতে মাস্কের ভূমিকা নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি হোয়াইট হাউস।




