নিজস্ব প্রতিবেদক: ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) জনপ্রিয় করতে, অনলাইনে ভ্যাট নিবন্ধন দিতে, ভ্যাট রিটার্ন দাখিল করতে এবং ভ্যাট সেবা করদাতাদের দোরগোড়ায় পৌঁছে দিতে ভ্যাট বুথ স্থাপন করবে চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট। আগামীকাল রোববার এবং এর পরদিন (১০-১১ অক্টোবর) দুই দিনব্যাপী এই কমিশনারেটের আওতাধীন আটটি (আগ্রাবাদ, চট্টলা, চান্দগাঁও, পটিয়া, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান) বিভাগীয় ভ্যাট দপ্তরের আওতাধীন ১৫টি মার্কেটে ভ্যাট বুথ স্থাপন করে সেবা দেয়া হবে। ভ্যাট কর্মকর্তা ও দোকান মালিক সমিতির সদস্যদের সমন্বয়ে ভ্যাট বুথ স্থাপন করে সেবা দেয়া হবে। চট্টগ্রাম ভ্যাট কমিশনারেটের সহকারী কমিশনার অনুরূপা দেব এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, ভ্যাট বুথ স্থাপনের মাধ্যমে করদাতাদের ভ্যাটসংশ্লিষ্ট সব ধরনের সেবা দেয়া হবে। করদাতারা নিজস্ব ব্যবসা প্রাঙ্গণ থেকে যাতে প্রয়োজনীয় ভ্যাট সেবা নিতে পারেন, সেজন্য এই ভ্যাট বুথ স্থাপন করা হবে। কমিশনার ব্যবসায়ীদের নিকটস্থ ভ্যাট বুথে এসে রিটার্ন দাখিল ও অন্যান্য সেবা নেয়ার জন্য অনুরোধ জানিয়েছেন। যেকোনো অঙ্কের কেনাকাটায় মূসক চালান বুঝে নেয়ার জন্য অনুরোধ করেন তিনি।
চট্টগ্রাম ভ্যাট কমিশনারেটের সূত্রমতে, আগ্রাবাদ ভ্যাট বিভাগের আওতাধীন নিউ মার্কেট (বিপণিবিতান), রিয়াজউদ্দিন বাজার, বার্লি আর্কেড ও টেরীবাজারে ভ্যাট বুথ স্থাপন করা হবে। চট্টলা বিভাগের আওতাধীন ইউনেস্কো সিটি সেন্টার, কনকর্ড, খুলশী টাউন সেন্টার, সানমার ওশান সিটি, ফিনলে স্কয়ার, চিটাগং শপিং কমপ্লেক্স ও আফমি প্লাজায় ভ্যাট বুথ স্থাপন করা হবে। চান্দগাঁও বিভাগীয় দপ্তরের আওতাধীন স্বজন সুপার মার্কেট ও ষোলোশহর সুপার মার্কেটে ভ্যাট বুথ স্থাপন করা হবে। কক্সবাজার বিভাগীয় দপ্তরের আওতাধীন বড়বাজার ও কেরানীহাটে ভ্যাট বুথ স্থাপন করা হবে। এছাড়া পটিয়া, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান বিভাগীয় দপ্তরে হেল্প ডেস্ক থেকে মূসকসংক্রান্ত সব সেবা দেয়া হবে। ভ্যাট বুথে বেলা ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সেবা দেয়া হবে।
