প্রতিনিধি, কুমিল্লা: কুমিল্লার নানুয়ার দিঘির পাড়ের অস্থায়ী পূজামণ্ডপে পবিত্র কোরআন শরিফ রাখার ঘটনায় প্রধান অভিযুক্ত ইকবাল হোসেনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আটক ইকবালকে বর্তমানে কুমিল্লা পুলিশ লাইন্সে রাখা হয়েছে। কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এম তানভীর হোসেন বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
শুক্রবার (২২ অক্টোবর) দুপুর ১২টা থেকে ইকবালকে জিজ্ঞাসাবাদ শুরু হয়। সন্ধ্যা ৬টা পর্যন্ত তাকে কুমিল্লা পুলিশ লাইন্সে জিজ্ঞাসাবাদ চলছে বলে নিশ্চিত হওয়া গেছে।
ইকবাল হোসেন কারও প্ররোচনায় পূজামণ্ডপে কোরআন রেখেছিলেন কিনা এবং সিসিটিভি ফুটেজ অনুযায়ী যাদের সঙ্গে তিনি কথা বলেছেন তাদের সম্পৃক্ততা আছে কিনা জিজ্ঞাসাবাদে তা খতিয়ে দেখা হচ্ছে।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এম তানভীর হোসেন বলেন, আমরা আগে ইকবালকে জিজ্ঞাসাবাদ করব। তারপর কিছু প্রক্রিয়া রয়েছে তা শেষ করব।
জানা গেছে, পর্যায়ক্রমে সব তদন্ত সংস্থা ইকবালকে জিজ্ঞাসাবাদ করবে। জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের ব্রিফ করা হবে, তারপর আদালতে তোলা হবে। সব প্রক্রিয়া শেষ করতে শনিবার (২৩ অক্টোবর) সকাল পর্যন্তও সময় লাগতে পারে।
আটক ইকবাল কুমিল্লা নগরীর ১৭ নম্বর ওয়ার্ডের সুজানগর এলাকার মাছ বিক্রেতা নূর আলমের ছেলে।
উল্লেখ্য, বৃহস্পতিবার (২১ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে অভিযুক্ত ইকবাল হোসেনকে আটক করা হয়। কক্সবাজার পুলিশ সুপারের কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার দুপুর ১২টার দিকে তাকে কুমিল্লায় আনা হয়।
