Print Date & Time : 21 April 2026 Tuesday 1:17 am

ইডিসিএলে আর অনিয়ম দেখতে চান না স্বাস্থ্য উপদেষ্টা

শেয়ার বিজ ডেস্ক: সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের আওতাধীন অ্যাসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের (ইডিসিএল) নানা অনিয়মের কথা পত্রিকায় এসেছে। ভবিষ্যতে এই প্রতিষ্ঠানের আর কোনো অনিয়ম দেখতে চান না স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। সোমবার রাজধানীর তেজগাঁও অবস্থিত ইডিসিএলের কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্য উপদেষ্টা বলেন, আগে যেসব অন্যায় অনিয়ম হয়েছে তা আর ভবিষ্যতে সহ্য করা হবে না। আমরা অতীতকে ভুলে সামনে আগাব। কিন্তু কেউ যদি আগে গুরুতর অন্যায়, অনিয়ম করে থাকেন সেটা আমরা ভুলব না। যথাযথ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে প্রতিষ্ঠানকে ঢেলে সাজাতে হবে।

সিস্টেম লসের কথা উল্লেখ করে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, এই লস যত কমবে বা শূন্য হবে আপনাদের কাজের ইফিসিয়েন্সি ততই বাড়বে এবং প্রতিষ্ঠানের ভাবমূর্তি উজ্জ্বল হবে। কাজেই আসুন আমরা মানুষের জন্য, মানবতার জন্য কাজ করি।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান বলেন, ইডিসিএলকে প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে দক্ষ হতে হবে। ইডিসিএল থেকে এনওসি নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল অন্য জায়গা থেকে ওষুধ কিনে ২২ কোটি টাকা সাশ্রয় করেছে। এটা কোনোমতেই সমর্থনযোগ্য না। কারণ বেশি টাকা দিয়ে তারা কেন ইডিসিএল থেকে ওষুধ কিনবে? ইডিসিএল যে দামে ওষুধ বিক্রি করে তার চেয়ে কম দামে বাজারে ওষুধ পাওয়া যাচ্ছে।

তিনি বলেন, আপনাদের কোয়ালিটি কম্প্রোমাইজ করতে বলা হচ্ছে না কিন্তু আপনাদেরকে এফিশিয়েন্সি বাড়াতে হবে। বাংলাদেশ সরকারের সমর্থনে আপনাদের পাঁচটা প্ল্যান্ট আছে। এটা আর অন্য কারোরই নাই। পুরো বিশ্বে ফার্মা ইন্ডাস্ট্রি সবচেয়ে টপ কয়েকটি ইন্ডাস্ট্রির মধ্যে একটি। এখানে নিখুঁতভাবে কাজ করার কোনো বিকল্প নেই। আপনারা যদি চান দেশের ইন্ডাস্ট্রিগুলার মধ্যে শীর্ষ স্থান নিতে পারেন। সেই স্বপ্নটিই দেখেন।

সায়েদুর রহমান বলেন, ইডিসিএলের মূল উদ্দেশ্য সাশ্রয়ী দামে কোয়ালিটি ওষুধ সরবরাহের মাধ্যমে জিডিপিতে অবদান রাখা এবং প্রতিযোগিতামূলক বাজারে গুণগত মান বজায় রেখে ওষুধ সরবরাহ করা। এটা আপনাদের নৈতিক দায়িত্ব কারণ দেশের সাধারণ জনগণ আপনাদের ভোক্তা।

মতবিনিময় সভায় ইডিসিএলের কর্মপরিকল্পনা নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইডিসিএলের নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. সামাদ মৃধা। সভায় উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মুহাম্মদ মোজাম্মেল হোসেন খানসহ ইডিসিএলের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।