ইন্টেলের চিপ উৎপাদন করবে এনভিডিয়া–ব্রডকম

শেয়ার বিজ ডেস্ক : ইন্টেলের চিপ উৎপাদন করতে উৎপাদন পরীক্ষা চালাচ্ছে এনভিডিয়া এবং ব্রডকম। এ পরীক্ষার মাধ্যমে তারা ইন্টেলের উন্নত প্রযুক্তি এবং উৎপাদন সক্ষমতা নিয়ে আস্থা অর্জন করবে। পরীক্ষাগুলো ইতিমধ্যে শুরু হয়েছে এবং এই পরীক্ষা কয়েক মাস ধরে চলতে পারে। খবর: সিএনএন।

ইন্টেলের সঙ্গে কোটি ডলার মূল্যের উৎপাদন চুক্তি করবে কি না, তার সিদ্ধান্ত নিতে চিপ ডিজাইনার কোম্পানি দুটি পরীক্ষাগুলো চালাচ্ছে। তারা ইন্টেলের সঙ্গে চুক্তি করলে তা কোম্পানিটির জন্য বিপুল আয়ের উৎস হতে পারে। তাই এ চুক্তি ইন্টেলের জন্য বেশ গুরুত্বপূর্ণ।
বর্তমানে ইন্টেলের ১৮এ প্রযুক্তির ওপর পরীক্ষা চালাচ্ছে এনভিডিয়া ও ব্রডকম। এ প্রযুক্তি দীর্ঘদিন ধরে তৈরি করা হয়েছে, এটির মাধ্যমে উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রসেসর এবং অন্যান্য জটিল চিপ তৈরি করা সম্ভব। ইন্টেলের এই প্রযুক্তি প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছে তাইওয়ানের টিএসএমসি, যা বিশ্বব্যাপী চিপ বাজারে প্রাধান্য বিস্তার করেছে। এএমডি ইন্টেলের ১৮এ উৎপাদন প্রক্রিয়া পর্যালোচনা করছে। তবে পরীক্ষামূলক চিপ পাঠানো হয়েছে কি না, তা স্পষ্ট নয়।

ইন্টেল এক বিবৃতিতে জানিয়েছে, আমরা নির্দিষ্ট গ্রাহকদের বিষয়ে মন্তব্য করি না, তবে ১৮এ প্রযুক্তির জন্য ব্যাপক আগ্রহ ও প্রতিক্রিয়া পাচ্ছি। পরীক্ষাগুলো পূর্ণাঙ্গ চিপ ডিজাইনের ওপর করা হচ্ছে না বরং এর উদ্দেশ্য হলো ইন্টেলের ১৮এ প্রক্রিয়ার আচরণ এবং সক্ষমতা পরীক্ষা করা। চিপ ডিজাইনাররা কখনও কখনও চিপের নির্দিষ্ট উপাদান পরীক্ষা করার জন্য ওয়েফার কিনে থাকেন, যাতে উচ্চ পরিমাণে পূর্ণ ডিজাইন উৎপাদনে যাওয়ার আগে কোনো ত্রুটি বা সমস্যা চিহ্নিত করা যেতে পারে। পরীক্ষাগুলো বর্তমানে চলছে এবং কয়েক মাস পর্যন্ত চলতে পারে। তবে, পরীক্ষা শেষে ইন্টেল শেষ পর্যন্ত নতুন চুক্তি পাবে কি না, তা নিশ্চিত নয়। গত বছর রয়টার্স জানায়, ব্রডকমের কিছু পরীক্ষার ফল তাদের নির্বাহী এবং ইঞ্জিনিয়ারদের জন্য হতাশাজনক ছিল। তখন ব্রডকম জানিয়েছিল যে, তারা ইন্টেলের চিপ উৎপাদন নিয়ে পর্যালোচনা চালিয়ে যাচ্ছে।

ইন্টেলের সাবেক সিইও প্যাট গেলসিঙ্গারের পরিকল্পনার মূল অংশ ছিল কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং ব্যবসা, বা ফাউন্ড্রি (চিপ উৎপাদন), যার মাধ্যমে তিনি একসময়ের প্রখ্যাত আমেরিকান প্রযুক্তি কোম্পানিটিকে পুনরুজ্জীবিত করতে চেয়েছিলেন। তবে, গত ডিসেম্বরে গেলসিঙ্গারকে অপসারণ করে ইন্টেলের বোর্ড। অন্তর্বর্তীকালীন কো-সিইওরা ইন্টেলের আসন্ন এআই চিপটি স্থগিত করে দিয়েছেন।