উচ্চব্যয়ের চাপে জার্মানির একাধিক শহর

শেয়ার বিজ ডেস্ক: অর্থনৈতিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে জার্মানির একাধিক শহর। একটি জরিপ জানা গেছে, বেশ কয়েকটি শহর উচ্চ ব্যয়ের কারণে সুষম বাজেট উপস্থাপন করতে পারছে না। জরিপটি করেছে জার্মান অ্যাসোসিয়েশন অব সিটিজ। খবর: ডয়চে ভেলে।:
জরিপে দেখা গেছে, জার্মানির বেশ কয়েকটি শহরের অর্থনৈতিক পরিস্থিতি আসন্ন নির্বাচনে ভোটারদের অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠছে। বাড়তে থাকা জ্বালানির খরচ, চড়া সুদ ও অর্থনৈতিক অস্থিতিশীলতা মিলিয়ে জার্মান অর্থনীতির ওপর চাপ বাড়ছে গত বছরের মতো।
২০২৪ সালে শূন্য দশমিক ৩ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধির আশা করেছিল জার্মান সরকার। তবে এর পরিবর্তে অর্থনীতি শূন্য দশমিক ২ শতাংশ সংকুচিত হয়। রপ্তানি ও কারখানা আদেশ কমে যাওয়া এবং জ্বালানির উচ্চমূল্য এর কারণ বলে মনে করা হচ্ছে।

জার্মানির বড় শহরগুলোর ৩৭ শতাংশ সঠিকভাবে তাদের বাজেট মেলাতে পারছে না। ফলে ৪৭ শতাংশ শহরকে বাধ্য হয়ে তাদের রিজার্ভে হাত দিতে হচ্ছে। আগামী পাঁচ বছরে নিজেদের অর্থনৈতিক অবস্থা নিয়ে আশাব্যাঞ্জক অবস্থানে জার্মানির ২ শতাংশ শহর। এমন শহর গত পাঁচ বছরে ছিল ৬৪ শতাংশ। জরিপে অংশ নেয়া অর্ধেকের বেশি শহরের আশঙ্কা, ভবিষ্যতে আরও খারাপ হবে পরিস্থিতি, যার ফলে কর্মী ছাঁটাই বা অর্থায়নেও টান পড়তে পারে। অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মারকুস লেভে বার্লিনে এক সংবাদ সম্মেলনে বলেন, সুষম, সমান বাজেটের দিন শেষ…এই বিষয়টা শহরগুলোর নিজের দোষের কিছু নয়, আসল সমস্যা আসলে গঠনগত।

জার্মান সরকার ২০২৫ সালে ১ দশমিক ১ শতাংশ ও ২০২৬ সালে ১ দশমিক ৬ শতাংশ প্রবৃদ্ধি আশা করছে। সরকারের প্রস্তাবিত ‘প্রবৃদ্ধি উদ্যোগ’ কর্মসূচি এক্ষেত্রে ভূমিকা রাখবে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে কর ছাড়, শিল্পখাতের জন্য জ্বালানি মূল্য ছাড়, লাল ফিতার দৌরাত্ম কমানো, বয়স্ক ব্যক্তিদের কাজ চালিয়ে যেতে প্রণোদনা দেয়া, বিদেশি কর্মী আকর্ষণ করতে নানা পদক্ষেপ নেয়া।