প্রতিনিধি, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রাজশাহী থেকে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে বিয়ের গাড়িবহরের একটি মাইক্রোবাসের সংঘর্ষ হয়েছে। এতে বর-কনে, শিশুসহ ৯ জনের মৃত্যু হয়েছে। গতকাল বিকাল সাড়ে ৬টায় এই দুর্ঘটনা ঘটে। সিরাজগঞ্জ জিআরপি থানার ওসি হারুন মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে বর রাজন (২৫) ও কনে সুমাইয়া খাতুনের (২০) পরিচয় পাওয়া গেছে। বাকিদের পরিচয় জানা যায়নি। তাদের মধ্যে রয়েছে এক শিশু ও ছয় পুরুষ যাত্রী।
স্থানীয়রা জানান, বরযাত্রীভর্তি মাইক্রোবাসটি উল্লাপাড়ার ঘাটিনা থেকে সিরাজগঞ্জ জেলা সদরের কান্দাপাড়ায় যাচ্ছিল। সলপ স্টেশনের উত্তরে পঞ্চক্রোশী আলী আহম্মদ উচ্চ বিদ্যালয়ের পাশে উম্মুক্ত লেভেলক্রসিং পারাপারের সময় মাইক্রোবাসটির সঙ্গে ট্রেনের ধাক্কা লাগে।
সিরাজগঞ্জ জিআরপি থানার ওসি হারুন মজুমদার জানান, শুনেছি ৯ জন মারা গেছেন। আমরা ঘটনাস্থলে যাচ্ছি। উল্লাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. গোলাম মোস্তফা জানান, উম্মুক্ত লেভেলক্রসিং পারাপারের সময় বিয়ের গাড়িবহরের সঙ্গে একটি মাইক্রোবাস ট্রেনে ধাক্কা খেলে ঘটনাস্থলে বেশ কয়েকজন মারা যান। পুলিশ পাঠানো হয়েছে।

Print Date & Time : 15 May 2026 Friday 6:40 pm
উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় নিহত ৯
দিনের খবর,শেষ পাতা ♦ প্রকাশ: