Print Date & Time : 23 April 2026 Thursday 2:54 am

এইচএসসির ফল প্রকাশ রোববার

নিজস্ব প্রতিবেদক: আগামী রোববার (১৩ ফেব্রুয়ারি) এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে শিক্ষা মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৩ ফেব্রুয়ারি ২০২১ সালের এইচএসসি, আলিম, এইচএসসি ভোকেশনাল, এইচএসসি ব্যবসা ব্যবস্থাপনা (বিএম) ও ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষার ফল প্রকাশিত হবে।

এর আগে শিক্ষামন্ত্রী দীপু মনি আজ দুপুরে রাজধানীর গুলশানে শুটিং ক্লাবে হেরিটেজ হ্যান্ডলুম ফেস্টিভ্যাল অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেদিন সময় দেবেন, সেদিনই এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

জানা যায়, ফল প্রকাশের দিন শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে সকাল ১০টায় সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রধানমন্ত্রীর কাছে এর সারসংক্ষেপ তুলে ধরবেন। এরপর দুপুরে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। করোনা পরিস্থিতির কারণে ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হবেন।

গত বছরের ডিসেম্বরে করোনার কারণে সংক্ষিপ্ত সিলেবাসে নেওয়া হয় ২০২১ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১৩ লাখ ৯৯ হাজার পরীক্ষার্থী অংশ করেন।