Print Date & Time : 26 April 2026 Sunday 1:37 am

এসআইবিএল কর্মকর্তার ৩০ বছর কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক: নোয়াখালীতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) এক কর্মকর্তাকে ৩০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে সাড়ে ২২ লাখ টাকা জরিমানা করা হয়। তার নাম হাসান মোহাম্মদ রাসেদ। গতকাল নোয়াখালী স্পেশাল জজ আদালতের বিচারক এএনএম মোর্শেদ খান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত হাসান মোহাম্মদ রাসেদ ফেনী জেলার দাগনভুঞা উপজেলার গজারিয়া গ্রামের আবদুল মালেকের ছেলে। তিনি সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের ফেনী শাখার কর্মকর্তা (ক্যাশ) হিসেবে কর্মরত ছিলেন।

নোয়াখালী দুদকের পিপি (পাবলিক প্রসিকিউটর) অ্যাডভোকেট মো. আবুল কাশেম বলেন, ২০১৯ সালের ১ এপ্রিল ফেনী থানায় দায়ের হওয়া মামলায় দোষী সাব্যস্ত করে আসামি হাসান মোহাম্মদ রাসেদকে ৩০ বছরের কারাদণ্ড ও ২২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।

মামলার সূত্রে জানা গেছে, আসামি রাসেদ সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের ফেনী শাখায় কর্মরত থাকাবস্থায় ১৭ লাখ টাকা গ্রাহকের ব্যক্তিগত হিসাবে জমা না দিয়ে আত্মসাৎ করেন। এ ঘটনায় ব্যাংকের তৎকালীন ব্যবস্থাপক রিজিয়া সুলতানা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এ ছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন শাখায় অর্থ আত্মসাতের আরও একাধিক মামলা হয়েছে। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।