Print Date & Time : 26 April 2026 Sunday 12:26 am

কওমি শিক্ষার্থী ও পরিবহন শ্রমিকরা টিকার আওতায় আসবে: স্বাস্থ্য অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক: কওমি মাদরাসায় অধ্যয়নরত শিক্ষার্থী ও পরিবহন শ্রমিকদের টিকার আওতায় আনা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গতকাল দুপুরে দেশের কভিড পরিস্থিতি নিয়ে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।

তিনি বলেন, ‘ইতোমধ্যে স্কুলের কোমলমতি শিশুদের টিকা দেয়া হচ্ছে। উৎসাহ-উদ্দীপনার মধ্যেই এ টিকা কার্যক্রম চলছে। এর পাশাপাশি কওমি মাদরাসাতেও আমাদের বিপুলসংখ্যক শিক্ষার্থী পড়াশোনা করে। এই শিক্ষার্থীদের আমরা টিকা কার্যক্রমে অন্তর্ভুক্ত করতে চাই, তাদের টিকা নিশ্চিত করতে চাই। আমরা কওমি মাদরাসা সংশ্লিষ্ট সবাইকে বলতে চাই, শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের কাজটি যেন শেষ হয়, আমরা শতভাগ টিকা দিয়ে দিতে পারব।’ নাজমুল ইসলাম বলেন, ‘এর পাশাপাশি যেসব পরিবহন শ্রমিক আছেন যারা আমাদের জীবনযাত্রাকে সহজ করার জন্য কাজ করছে তাদেরও আমরা টিকা দিতে চাই। সংশ্লিষ্ট যারা আছেন, তারা যদি আইসিটি মন্ত্রণালয়ের কাছে যথাযথ পদ্ধতি অনুসরণ করে তালিকা পাঠিয়ে দেন, তাহলে তাদের টিকা দেয়ার কাজটি আমাদের জন্য সহজ হয়ে যায়।’