Print Date & Time : 20 April 2026 Monday 10:28 am

কক্সবাজারে ১০১ মাদক কারবারীকে দেড় বছর কারাদণ্ড দিয়েছে আদালত

প্রতিনিধি, কক্সবাজার : কক্সবাজারের টেকনাফে আত্মসমর্পণকৃত ১০১ ইয়াবা কারবারিকে মাদক মামলায় দেড় বছর করে কারাদন্ড দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়। এছাড়া দায়েরকৃত অস্ত্র মামলা থেকে তাদের খালাস দেয়া হয়েছে।

বুধবার (২৩ নভেম্বর) দুপুরের দিকে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাঈল এ রায় ঘোষণা করেন। এসময় আদালতে উপস্থিত ১৭ জন ও বাকি ৮৪ জনকে পলাতক দেখানো হয়েছে।

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. ফরিদুল আলম আদালতের বরাত দিয়ে বলেন, আদালত অবজারভেশনে বলেছেন যাতে আগামী দিনে কেউ এ পেশায় না ফিরে সে জন্য এ রায় ভুমিকা রাখবে।

তার আগে, সকাল ১১ টার দিকে আদালতে আনা হয় কারাগারে থাকা ১৭ আসামীকে। তারপর ১২ টা ৩০ মিনিটে রায় পড়া শুরু করেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ১৬ ফেব্রুয়ারী টেকনাফে ১০২ জন ইয়াবাকারবারী আত্মসমর্পণ করে। মামলা চলাকালে সোহেল নামে এক আসামী কারাগারে মারা গেছেন। আত্মসমর্পণের পর তাদের কাছ থেকে ৩ লক্ষ ৫০ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট এবং ৩০ টি দেশীয় তৈরি অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে মর্মে উল্লেখ করে আত্মসমর্পণকারীদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মাদক ও অস্ত্র আইনে তৎকালীন ওসি (তদন্ত) এবিএমএস দোহা বাদী হয়ে পৃথক ২ টি মামলা দায়ের করেন।

মামলায় রাষ্ট্র পক্ষের ২১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ এবং আসামীদের পক্ষে সাক্ষীদের জেরা করা হয়। আলামত প্রদর্শন, রাসায়নিক পরীক্ষা ফলাফল যাচাই, আসামীদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া সহ মামলাটি বিচারিক কার্যক্রম শেষ হয়েছে।