‘কপাল পুড়ল’ নিশিতার

শোবিজ ডেস্ক: ক্লোজআপ ওয়ান তারকা কণ্ঠশিল্পী নিশিতা বড়–য়া। মৌলিক গানের পাশাপাশি সিনেমায় প্লে-ব্যাক করছেন তিনি। এছাড়া ইউনিলিভারের ক্লোজআপ টুথপেস্টের বিজ্ঞাপনেও কণ্ঠ দিয়েছেন। এবার ‘সোনার চর’ সিনেমার ‘কপাল পুড়ল’ শিরোনামে একটি গানে কণ্ঠ দিলেন এ শিল্পী। এ গানের কথা লিখেছেন গীতিকবি গাজী মাজহারুল আনোয়ার। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন আবিদ রনি। সম্প্রতি এ গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে। এ গান প্রসঙ্গে নিশিতা বড়–য়া বলেন, এর আগেও গাজী স্যারের লেখা গানে কণ্ঠ দিয়েছি। এ নিয়ে তৃতীয়বারের মতো কণ্ঠ দিলাম। কথা, সুর সংগীত সব মিলিয়ে খুব ভালো একটি গান হয়েছে এটি। অন্যদিকে স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। গতকাল সিলেট ক্যাডেট কলেজে ওল্ড ক্যাডেটস অ্যাসোসিয়েশন অব সিলেট (ওকাস) আয়োজিত পুনর্মিলনীতে সংগীত পরিবেশন করেন তিনি। সোনার চর সিনেমা নির্মাণ করছেন জাহিদ হোসেন। চলতি বছরের শুরুতে এ সিনেমার একটি গানে কণ্ঠ দেন কনা। এ গানের কথা লিখেন গাজী মাজহারুল আনোয়ার। সংগীতায়োজন করেন আবিদ রনি। এরপর অন্য একটি গানে কণ্ঠ দেন সংগীতশিল্পী বেলাল খান ও ফাতিমা তুয যাহরা ঐশী। প্রেমের কিচ্ছা শিরোনামে গানটির কথা লিখেন শাহাব উদ্দিন মজুমদার। সুর ও সংগীতায়োজন করেন আবিদ রনি। উল্লেখ্য, ২০০৬ সালে ক্লোজআপ ওয়ানে দ্বিতীয় রানারআপ হন। ২০০৭ সালে তার প্রথম একক অ্যালবাম আমায় নিয়ে চলো গাঙচিল ব্যানারে বাজারে আসে। অ্যালবামটি বেশ শ্রোতাপ্রিয়তা পায়। এছাড়া তিনি আন্তর্জাতিক সংগঠন বৌদ্ধ সমিতির-যুব কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সম্মাননাও পেয়েছেন।