কভিডের নতুন ধরন এরিস বাড়ছে যুক্তরাজ্যে

শেয়ার বিজ ডেস্ক:কভিড-১৯-এর নতুন এক স্ট্রেনের প্রাদুর্ভাব ফের আশঙ্কা বাড়াচ্ছে। দ্রুত সংক্রমণ বৃদ্ধিকারী ওমিক্রনের নতুন ভ্যারিয়েন্ট সেটি। ইজি.৫.১ নামের এই ভাইরাসকে ডাকা হচ্ছে এরিস নামে। আপাতত যুক্তরাজ্যে এর প্রাদুর্ভাব দেখা গেছে। খবর: স্কাই নিউজ।

গত জুলাই মাসে যুক্তরাজ্যে প্রথম ধরা পড়ে এরিসের সংক্রমণ। এর এক মাসের মধ্যে দ্রুত সংক্রমণ বৃদ্ধি করতে দেখা গেছে নতুন ভ্যারিয়েন্টটিকে।

যুক্তরাজ্যের হেলথ সিকিউরিটি এজেন্সির (ইউকেএইচএসএ) প্রতিবেদন অনুযায়ী, এরিসের প্রকোপে ১৪ দশমিক ৬ শতাংশ সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। ১০ জুলাই সমাপ্ত সপ্তাহে নয়জন রোগীর মধ্যে একজন এরিসে আক্রান্ত।

তবে এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান বিশেষজ্ঞরা। সংক্রমণ যেমন বেড়েছে, বেড়েছে হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনাও। যদিও সেটা বয়স্কদের ক্ষেত্রেই বেশি হচ্ছে।

তারপরও হাসপাতালে ভর্তির সংখ্যাটা তুলনামূলক কম এবং আইসিইউতে ভর্তির সংখ্যা কম। সবশেষ তথ্যে দেখা গেছে, এক লাখে ১ দশমিক ৯৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ হার আগের তুলনায় বেড়েছে। ইউকেএইচএসএ-এর আগের প্রতিবেদন অনুযায়ী, প্রতি এক লাখে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ১ দশমিক ১৭ জন।

তবু সার্বিক পরিস্থিতি নজরে রাখা হচ্ছে বলে জানানো হয়েছে। সবাইকে নিয়মিত হাত ধোয়ার পরামর্শ দেয়া হচ্ছে। পাশাপাশি শ্বাসকষ্টের উপসর্গ থাকলে যতটা সম্ভব অন্যের সঙ্গে দূরত্ব রাখার কথাও বলা হয়েছে।

গত সপ্তাহের তুলনায় যুক্তরাজ্যে চলতি সপ্তাহে কভিড-১৯ রোগীর সংখ্যা বেড়েছে। গত সপ্তাহে এর আগের সপ্তাহের তুলনায় ৩ দশমিক ৭ শতাংশ রোগী বেড়ে দাঁড়ায় ৪ হাজার ৪০৩ জনে। চলতি সপ্তাহে রোগী বৃদ্ধির হার ৫ দশমিক ৪ শতাংশ। এতে রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৩৯৬ জনে।

ইউকেএইচএসএ-এর টিকা বিভাগের প্রধান ড. মেরি রামসে বলেন, হাসপাতালে রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তাদের বেশিরভাগ বয়স্ক।

বিষয়টি নিয়ে সতর্ক রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও। সংস্থার তরফে জানানো হয়েছে, টিকা নেয়া হয়েছে বলেই যে নিশ্চিন্ত থাকতে হবে তা নয়।