Print Date & Time : 23 April 2026 Thursday 12:11 pm

কভিডে বিশ্বে কমেছে শনাক্ত রোগী

শেয়ার বিজ ডেস্ক: কভিড-১৯ মহামারিতে বিশ্বে দৈনিক মৃত্যুর সংখ্যা কমেছে। একই সঙ্গে আগের দিনের তুলনায় কমেছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় (গত শনিবার সকাল থেকে রোববার সকাল পর্যন্ত) বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ছয় শতাধিক মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত রোগীর সংখ্যা নেমে এসেছে আড়াই লাখের নিচে।

পরিসংখ্যান-বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬১৬ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে পাঁচ শতাধিক। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৫ লাখ ৮২ হাজার ২২২ জনে।

একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন দুই লাখ ৪২ হাজার ৭১৩ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে লক্ষাধিক। এতে মহামারির শুরু থেকে

এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩ কোটি ২৬ লাখ ৭২ হাজার ৮৪৩ জনে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে ফ্রান্সে। এদিন দেশটিতে নতুন করে ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ৭৪৬ জন। মহামারির শুরু থেকে এ দেশটিতে এখন পর্যন্ত তিন কোটি ৬৫ লাখ ৬৮ হাজার ৩৫১ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং এক লাখ ৫৬ হাজার ৩৩৭ জন মারা গেছেন।

অপরদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে উঠে এসেছে ইতালি। প্রাণহানির তালিকায় এরপর রয়েছে রাশিয়া, ব্রাজিল, জাপান ও তাইওয়ান। এতে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৬৩ কোটি ২৬ লাখের ঘর। অন্যদিকে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৬৫ লাখ ৮২ হাজার।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়।

২০২০ সালের ২০ জানুয়ারি বিশ্বে জরুরি পরিস্থিতি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ১১ মার্চ করোনাকে বৈশ্বিক মহামারি ঘোষণা করা হয়।