Print Date & Time : 23 April 2026 Thursday 3:34 am

কভিডে মৃত্যু নেই, শনাক্ত ১৮২

নিজস্ব প্রতিবেদক: দেশে গত ২৪ ঘণ্টায় কভিডে নতুন রোগী শনাক্তের সংখ্যাও কমেছে। এ সময় ১৮২ জন শনাক্ত হয়েছে। তার আগের দিন ২১৭ জনের কথা জানানো হয়েছিল। আর গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা) করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। সেই হিসাবে টানা দ্বিতীয় দিনের মতো দেশে করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এর আগের দিনও মৃতের সংখ্যা শূন্য বলে জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

তিন মাস আগে গত ৯ ডিসেম্বর করোনায় মৃত্যুশূন্য দিন পার করেছিল বাংলাদেশ। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার এক দশমিক ৩৮ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া ১৮২ জনকে নিয়ে দেশে এখন পর্যন্ত করোনায় মোট শনাক্ত হলেন ১৯ লাখ ৫০ হাজার ১২৪ জন। দেশে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন ২৯ হাজার ১১২ জন। করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ১৯২ জন। তাদের নিয়ে দেশে করোনা আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট ১৮ লাখ ৬৫ হাজার ৬০০ জন সুস্থ হয়ে উঠলেন।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ১৩ হাজার ৬২টি আর পরীক্ষা হয়েছে ১৩ হাজার ১৭৯টি।

দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৩৬ লাখ ৭৮ হাজার ৬৩২টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৯০ লাখ ৯২ হাজার ৯০৬টি আর বেসরকারি ব্যবস্থাপনায় ৪৫ লাখ ৮৫ হাজার ৭২৬টি।

দেশে এখন পর্যন্ত করোনায় রোগী শনাক্তের হার ১৪ দশমিক ২৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৫ দশমিক ৬৭ শতাংশ আর মৃত্যুর হার এক দশমিক ৪৯ শতাংশ।