কভিডে শনাক্তের হার বেড়ে ৭.৪%

নিজস্ব প্রতিবেদক: দেশে গত এক দিনে সাড়ে তিনশর বেশি কভিড রোগী শনাক্ত হয়েছেন। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার আবার সাত শতাংশ ছাড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় পাঁচ হাজার ২৪১টি নমুনা পরীক্ষা করে ৩৮৮ নতুন রোগী শনাক্ত হয়েছেন, মৃত্যু হয়েছে একজনের। তাতে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ৭ দশমিক ৪০ শতাংশে, যা আগের দিন ৬ দশমিক ৯৪ শতাংশ ছিল।

এক মাস পর গত সোমবার এক দিনে ৩৩৩ কভিড রোগী শনাক্ত হওয়ার কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। সেদিন রোগী শনাক্ত করার হার ছিল ৬ দশমিক ৬৮ শতাংশ। মঙ্গলবার শনাক্ত হন ৩১৩ নতুন রোগী, যাতে রোগী শনাক্ত করার হার আরও বেড়ে ৬ দশমিক ৭১ শতাংশ হয়।

গত বুধবার নতুন রোগীর সংখ্যা কিছুটা কমে ২৮২ জন হলেও রোগী শনাক্ত করার হার বেড়ে সাত শতাংশের কাছাকাছি পৌঁছে যায়। গতকাল শনাক্ত রোগী চারশর কাছাকাছি পৌঁছে যাওয়ার পাশাপাশি শনাক্তের হার বেড়ে সাড়ে সাত শতাংশের কাছাকাছি পৌঁছাল।

নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত মোট কভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ১৪ হাজার ৭৭ হয়েছে। তাদের মধ্যে মোট ২৯ হাজার ৩৩০ জনের মৃত্যু রয়েছে।

গত ২৪ ঘণ্টায় ২২৭ কভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৫৮ হাজার ৪৭ জন।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে গত বছরের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ নতুন রোগী শনাক্ত হন।

প্রথম রোগী শনাক্ত হওয়ার ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারির মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।